ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিজয় দিবসের কর্মসূচিতে অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও র্যাব নিয়োজিত করা হয়েছে। মাঠে রয়েছে গোয়েন্দা সদস্যরাও। সাভার জাতীয় স্মৃতিসৌধ ও সংলগ্ন এলাকায় থাকবে তিন স্তরের পুলিশি নিরাপত্তা।
র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার সোমবার সাংবাদিকদের জানান, বিজয় দিবসের নিরাপত্তায় পুলিশ ছাড়াও সারাদেশে সাড়ে ৪ হাজার র্যাব সদস্য দায়িত্ব পালন করবে। রাজধানী ও সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় দেড় হাজার র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরো জানান, বারিধারা দূতাবাসসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংলগ্ন এলাকায় র্যাবের গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
ঢাকা জেলার পুলিশ সুপার আনসার উদ্দিন খান পাঠান সাংবাদিকদের জানান, জাতীয় স্মৃতিসৌধের চারপাশে ৩ স্তরে পুলিশি নিরাপত্তা থাকবে। স্মৃতিসৌধ এলাকায় দু'দিন আগে থেকে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুই হাজার পুলিশ সদস্য স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
ঢাকার পুলিশ সুপার আরো জানান, আমিনবাজার ব্রীজ থেকে স্মৃতি সৌধ পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক ও আশুলিয়া সেতুর টোল ঘর থেকে বাইপাইল হয়ে স্মৃতিসৌধ পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার জন্য স্মৃতি সৌধ চত্বরে ৬ টি আর্চওয়ে স্থাপন করা হয়েছে। সন্দেহভাজনদের শরীর তল্লাশির জন্য হ্যান্ড মেটাল ডিটেক্টরও থাকবে। ইতিমধ্যেই সেনাবাহিনী ও র্যাবের ডগ স্কোয়াড দিয়ে স্মৃতি সৌধ এলাকা তল্লাশি করা হয়েছে। এছাড়া পথে পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
সোমবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া করেছে র্যাব-৩। মেটাল ডিটেক্টর দিয়ে তারা বিজয়দিবসের অনুষ্ঠানস্থলে তল্লাশি চালায়। র্যাবের ডগস্কোয়াড ও বোমা অপসারণ দল মাঠের বিভিন্নস্থানে তল্লাশি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২৪৯ঘ.
bdnews24