২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বই মেলা

১৯৯৫ সাল থেকে শুরু হওয়া ঢাকা বই মেলা প্রথম 'ঢাকা আন্তর্জাতিক বইমেলা' নামে নতুন যাত্রা শুরু করলো সোমবার। এবারে মেলার শ্লোগান হচ্ছে 'শান্তিময় বিশ্বের জন্য বই'। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে মেলা উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া ঢাকা বই মেলা প্রথম 'ঢাকা আন্তর্জাতিক বইমেলা' নামে নতুন যাত্রা শুরু করলো সোমবার। এবারে মেলার শ্লোগান হচ্ছে 'শান্তিময় বিশ্বের জন্য বই'। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বইকে গণমুখী করতে গুণগত মান বাড়াতে লেখক-গবেষকদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে পাঠাভ্যাস বাড়াতে বইকে সহজলভ্য করার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত লেখক-গবেষকদের উদ্দেশে প্রধান উপদেষ্টা আরো বলেন, বইয়ের মান উন্নয়নের সঙ্গে সঙ্গে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে একটি অঙ্গরঙ্গ সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। সংস্কৃতির জগতকে শ্রীমণ্ডিত করতে হলে মানুষের মধ্যে গ্রন্থ সম্পর্কে উদ্দীপনা সৃষ্টির আবশ্যকতা রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এক্ষেত্রে সরকারের ভূমিকা আছে এবং থাকবে। ঢাকার মতো অন্যান্য শহরগুলোতেও বইমেলার আয়োজনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সংস্কৃতি সচিব শরফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়িদ, প্রকাশক প্রতিনিধি মহিউদ্দিন আহমদ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মাহমুদুর রহমান। উদ্বোধনী বক্তব্য শেষে প্রধান উপদেষ্টা কয়েকটি বইয়ের স্টল ঘুরে দেখেন। ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া ঢাকা বই মেলা এবারই প্রথম 'ঢাকা আন্তর্জাতিক বইমেলা' নামে আত্মপ্রকাশ করেছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় ১৪৫টি দেশি ও ১৩টি বিদেশি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। ১৫ দিনের এ মেলা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। আগারগাঁওয়ের বদলে এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা। মেলায় বই বিক্রিতে ২৫ শতাংশ কমিশন থাকবে। সর্বোচ্চ বই প্রকাশকারী এবং বিক্রেতা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং ছুটির দিনে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশমূল্য পাঁচ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিএইচ/এসকে/২০৫১ঘ.