ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে অভ্যন্তরীণ চাহিদা পূরণে আরও ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সোমবার কমিটির এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
সভা শেষে মির্জ্জা আজিজুল সাংবাদিকদের বলেন, "দেশের অভ্যন্তরে চলতি অর্থবছরে দেশে সারের মোট চাহিদা ২৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন। ইতোমধ্যে আমদানি করা এবং অভ্যন্তরীণ উৎপাদনের সঙ্গে দেড় লাখ মেট্রিক টন সার যোগ হলে চলতি অর্থবছরের চাহিদা পূরণ হবে।"
"তবে দেশীয় উৎপাদন বেশি হলে দেশের সারের মজুদ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হবে", বলেন উপদেষ্টা।
তিনি জানান, চারটি দরপত্রের মধ্যে দেড় লাখ টন সার আমদানি করতে মোট ব্যয় হবে প্রায় ৩৩০ কোটি টাকা। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ৭৫ হাজার এবং মংলা বন্দরের মাধ্যমে ৭৫ হাজার টন সার দেশে আসবে।
প্রতি টন সারের দাম ৩০৭ মার্কিন ডলার থেকে ৩২৩ ডলার পর্যন্ত হতে পারে বলে মির্জ্জা আাজিজুল জানান।
সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ঢাকার কেরাণীগঞ্জে বিচারাধীন আসামিদের জন্য কেন্দ্রীয় কারাগার নির্মাণ প্রকল্পের ভূমি উন্নয়ন বাবদ তিনটি পর্যায়ে মোট ১৯ কোটি ৭১ লাখ টাকার তিনটি দরপত্র প্রস্তাব অনুমোদন করা হয়।
অর্থ উপদেষ্টা আরও জানান, সভায় স্থানীয় সরকার বিভাগের অধীনে বৃহত্তর ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর এলাকার ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন শীর্ষক একটি প্রকল্পের জন্য সুপারভিশন ফার্ম নিয়োগের প্রস্তাব উপস্থাপিত হয়।
তবে প্রকল্পটি অনুমোদন না করে পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করার প্রস্তাবটি ফেরৎ পাঠানো হয়েছে।
ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ওই সভায় উপস্থিত ছিলেন- আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ ও শিল্প মন্ত্রণালয়ের সচিব শেখ এনায়েতুল্লাহসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭১৭ ঘ.
bdnews24