বান্দরবান, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকা রনিন পাড়া থেকে রোববার গভীর রাতে দুই পাড়া প্রধান- কারবারীসহ তিন আদিবাসীকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে।
এরা হলেন- কারবারী রাম মুন বম ও লালমিনকুম বম এবং রেবেন তঞ্চঙ্গ্যা। সন্ত্রাসীরা তাদের মুক্তির বিনিময়ে পরিবারের লোকজনের কাছে সাত লাখ টাকা দাবি করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ সুপার মো. শামসুদ্দিন ঘটনার সতত্যা স্বীকার করে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহৃতদের উদ্ধারের জন্য সেনাবাহিনী ও পুলিশ অভিযান শুরু করেছে।
তবে কারা অপহরণ করেছে ও কেন করেছে সে ব্যাপারে বিস্তারিত আর কিছু তিনি জানাতে পারেননি।
রনিন পাড়ার বাসিন্দা রোয়াদা ফল বম জেলা সদরে সাংবাদিকদের জানান, রোববার রাত ১টার দিকে সন্ত্রাসীরা তাদের পাড়ায় ঢুকে পাড়া কারবারী রাম মুন বম, লালমিল কুম ও রেবেন তঞ্চঙ্গ্যাকে ঘর থেকে ধরে এনে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
রনিন পাড়া এলাকাটি দুর্গম। জেলা সদর সঙ্গে সড়ক পথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। পায়ে হেঁটেই যাতায়াত করতে হয় রনিন পাড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪১ ঘ.
bdnews24