২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় ফেরি-লঞ্চ নয় ঘণ্টা বন্ধ: দৌলতদিয়া ও পাটুরিয়ায় যানজট

ঘন কুয়াশার কারণে রোববার রাত ১০টা থেকে সোমবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। সাড়ে নয় ঘণ্টা পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2008, 10:24 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

মানিকগঞ্জ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন কুয়াশার কারণে রোববার রাত ১০টা থেকে সোমবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। সাড়ে নয় ঘণ্টা পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হলেও বিকেলে দৌলতদিয়া ঘাটে আবারও যানজটের সৃষ্টি। সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত পাঁচশ' যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে রাতের মধ্যে যানজট কেটে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) একজন কর্মকর্তা। সোমবার ভোরের দিকে যানবাহনের লম্বা লাইন ঘাট ছেড়ে ঢাকা-আরিচা এবং দৌলতদিয়া-ফরিদপুর সড়কের চার থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। সকাল সাড়ে ৭টায় কুয়াশা কেটে গেলেও উভয় ঘাটে যানজট অব্যাহত রয়েছে। তবে দৌলতদিয়ার তুলনায় পাটুরিয়ায় যানবাহনের চাপ কিছুটা কম বলে জানান বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক অর্পণ কুমার চন্দ। তিনি জানান, কুয়াশার কারণে আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কোচ পারাপার করা হচ্ছে। কোচ পারাপার শেষ হলে লাইনে থাকা পণ্যবাহী ট্রাক পারাপারের ব্যবস্থা নেওয়া হবে। অর্পণ কুমার জানান, রোববার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও বাড়তে থাকে। রাত ১০টার দিকে কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। পারাপার বন্ধ হয়ে যাওয়ায় যানবাহন ও যাত্রী আটকে পড়ে উভয় ঘাটে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটার শাখার সহকারী মহাব্যবস্থাপক গোপাল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১০টি ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে। কোন দুয়োর্গ না ঘটলে আশা করি রাতের মধ্যে যানজট কেটে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.