ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার প্রক্রিয়া সম্পন্ন করতে 'জুডিশিয়াল সার্ভিস সচিবালয় অধ্যাদেশ ২০০৮' এ রোববার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
'এছাড়া জরুরি ক্ষমতা রহিতকরণ অধ্যাদেশ ২০০৮' এবং ২০০৭ সালের ১১ জানুয়ারি ঘোষিত জরুরি অবস্থা প্রত্যাহার সংক্রান্ত প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অধ্যাদেশ অনুমোদন করা হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের বিস্তারিত জানান।
তিনি বলেন, "জুডিশিয়াল সার্ভিস সচিবালয় অধ্যাদেশ ২০০৮ অনুমোদনের ফলে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার প্রক্রিয়া সম্পন্ন হল।"
আগে বিচার সংক্রান্ত সাচিবিক কাজগুলো আইন মন্ত্রণালয় করত। কার্যক্রম শুরুর পর জুডিশিয়াল সার্ভিস সচিবালয়ই এসব কাজ করবে।
অধ্যাদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ের কাঠামো ঠিক রেখে সুপ্রিম কোর্টের অধীনেই এ সচিবালয় কাজ করবে।
জুডিশিয়াল সার্ভিস সচিবালয়ের ওপর সরকারের কোনও মন্ত্রণালয়, বিভাগ বা দফতরের প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে না।
প্রধান বিচারপতি জেষ্ঠ জেলা জজদের জুডিশিয়াল সার্ভিস সচিবালয়ের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেবেন। সার্ভিসের সদস্যদের বরখাস্ত বা অপসারণ, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি, শৃঙ্খলা বিধান, অবসর-পেনশন-ভবিষ্য তহবিল সম্পর্কিত বিষয়গুলোর সুরাহা করা হবে জুডিশিয়াল সার্ভিস সচিবালয় থেকেই।
উপদেষ্টা পরিষদের বৈঠকে 'জরুরি ক্ষমতা রহিতকরণ অধ্যাদেশ-২০০৮' এবং ১১ জানুয়ারি ২০০৭ তারিখে ঘোষিত জরুরি অবস্থা প্রত্যাহার সংক্রান্ত প্রস্তাবও অনুমোদন করা হয়।
ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময় ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়।
এরপর ধাপে ধাপে জরুরি ক্ষমতা অধ্যাদেশের কয়েকটি ধারা তুলে নেওয়ার পর গত ১০ ডিসেম্বর সরকার আগামী ১৭ ডিসেম্বর থেকে জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার করার ঘোষণা দেয়। এ ছাড়া নির্বাচন সামনে রেখে ১২ ডিসেম্বর থেকে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে সেই ঘোষণাকেই অনুমোদন দেওয়া হলো।
বৈঠকে উপদেষ্টা পরিষদ 'বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ-২০০৮' ও অনুমোদন করেছে।
এই আইনের অধীনে লাইসেন্সবিহীন টেলিযোগাযোগ কর্মকাণ্ডের জন্য শাস্তির বিধানে পরিবর্তন আনা হয়েছে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কমিশনারদের মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৪ বছর করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, লাইসেন্স ছাড়া কেউ টেলিযোগাযোগ সংক্রান্ত কাজ করলে এ আইনের অধীনে অপরাধের সাজা হচ্ছে সর্বনিম্ন ২ বছরের কারাদণ্ড বা ২ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আর সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড বা ৫০০ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ব্রিগেডিয়ার জেনারেল এম এ মালেক এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সংশোধনের ফলে বিটিআরসি নির্ধারিত বাজেটের ভেতরে নতুন জনবলও নিয়োগ করতে পারবে। নতুন অফিস স্থাপন করতে পারবে। এতে কাজের পরিধিও বাড়বে।"
তিনি জানান, অধ্যাদেশে একটি তহবিল গঠন করার প্রস্তাব রাখা হয়েছে। এ তহবিলের অর্থ দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য ভর্তুকি দেওয়া হবে। কীভাবে কাদের এ ভর্তুকি দেওয়া হবে তা স্থির করতে মন্ত্রণালয় একটি বিধি তৈরি করবে।
এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে অর্থ বছর শেষ হওয়ার ১২০ দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে সংশোধিত অধ্যাদেশে।
এদিনের বৈঠকে ঢাকার টেক্সটাইল টেকনোলজি কলেজকে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটিতে উন্নীত করার প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/ইএইচবি/এমআরএফ/এমএ/জেকে/এসকে/
bdnews24