ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুলেল শ্রদ্ধা আর ভালবাসায় রোববার স্মরিত হচ্ছেন শহীদ বুদ্ধিজীবীরা।
মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার এবং তাদের দোসর রাজাকার-আল বদর বাহিনী পরিকল্পিতভাবে লেখক, শিল্পী, অধ্যাপক, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার শ্রেষ্ঠ বাঙালিদের হত্যা করে।
দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়।
দিবসের সূচনাতেই মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় রাষ্ট্রের কর্ণধারসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠন।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেন। এর পরপরই ফুল দেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। ফুল দেওয়ার পর দ্জুনই মোনাজাত করে শহীদদের আত্মার শান্তি কামনা করেন।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল নামে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সকালেই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেন। অসুস্থতার কারণে আওয়ামী লীগ সভানেত্রী সকালে ফুল দিতে স্মৃতিসৌধে যাননি। সকালে আওয়ামী লীগের নেতারা ফুল দেন। দুপরের পর শেখ হাসিনা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকালে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়- মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কামান্ডারস ফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, কৃষক-শ্রমিক জনতা লীগ, বিকল্পধারা, এলডিপি, পিডিপি, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, গণসংহতি আন্দোলন, শ্রমিক-কৃষক সমাজবাদী দল, ঘাতক-দালাল নির্মূল কমিটি, প্রজন্ম একাত্তর, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাকের পার্টি, যুবদল, যুবলীগ, যুব ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ, টিইউসি, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্র মৈত্রী, কর্মজীবী নারী, বঙ্গবন্ধু পরিষদ, খেলাঘর, নজরুল ইনস্টিউট, শিল্পকলা একাডেমি, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও ফুল দেওয়া হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা সভারও আয়োজন করেছে।
মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ছাড়াও রায়েরবাজার বধ্যভূমিতেও ফুল দেয় অনেক দল ও সংগঠন। সেখানে মুক্তিযুদ্ধের আলোকচিত্রের একটি প্রদর্শনীও হয়।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আলাদা বাণী দিয়েছেন। বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও।
পর্যবেক্ষকরা বলেন, স্বাধীন হলেও বাংলাদেশ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে তা নিশ্চিত করতেই হত্যা করা হয় এ দেশের বুদ্ধিজীবীদের। পাকিস্তানী বাহিনী স্থানীয় সহযোগী রাজাকার,আলবদর ইত্যাদি বাহিনীর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বেশ কিছু বুদ্ধিজীবীকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে রায়েরবাজারে ইটের ভাটার কাছে ফেলে রাখা হয় যা পরে 'রায়েরবাজার বধ্যভূমি' হিসেবে পরিচিত হয়ে ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24