২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধে অভিযুক্ত ৬০০ জনের তালিকা করছে মুক্তিযোদ্ধা সংসদ

একাত্তরে যুদ্ধাপরাধে অভিযুক্ত ৬০০ জনের তালিকা করছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। আগামী এক সপ্তাহের মধ্যে তা প্রকাশ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 06:58 AM

Updated : 26 Apr 2022, 01:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধে অভিযুক্ত ৬০০ জনের তালিকা করছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। আগামী এক সপ্তাহের মধ্যে তা প্রকাশ করা হবে। মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ড. এসএম জাহাঙ্গীর আলম শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। মুক্তিযোদ্ধা সংসদের নেতারা আগামী নির্বাচনে যুদ্ধাপরাধীদের ভোটও না দেওয়ার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম বলেন, "যুদ্ধাপরাধের দায়ে ১৯৭৩-৭৪ সালে যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, এ রকম ৬০০ জনের একটি তালিকা আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। তালিকাটি গণমাধ্যমগুলোকে দেওয়া হবে।" যুদ্ধাপরাধে অভিযুক্তদের মামলা সংক্রান্ত কাগজপত্র মুক্তিযোদ্ধা সংসদদের কাছে রয়েছে বলে জানান তিনি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সুযোগ-সুবিধার প্রতিশ্র"তি থাকায় জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব ইসমত কাদির গামা জানান, যুদ্ধাপরাধীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে মুক্তিযোদ্ধারা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর থেকে সারা দেশে প্রচার শুরু করবে। আগামী ২৯ ডিসেম্বর দেশে নবম জাতীয় সংসদ নির্বাচন হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধে সাব সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব মনিরুল হক মনি, মো. বাতেন মোল্লা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১২৪৭ ঘ.