২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে 'ক্রসফায়ারে' সন্ত্রাসী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ আলী (৩২) শুক্রবার ভোরে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 02:07 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ আলী (৩২) শুক্রবার ভোরে নিহত হয়েছে। মোহাম্মদ আলী একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। রূপগঞ্জ থানায় তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। র‌্যাবের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জের ফুলবাড়ীয়া এলাকার কাজলের বাড়ি থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী সহযোগীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাবের একটি দল রাত ৩টার দিকে রূপগঞ্জের কাঞ্চন সেতুর পশ্চিম পাশে ব্রাহ্মণখালী এলাকায় যায়। সেখানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা মোহাম্মদ আলীর সহযোগীরা র‌্যাবের ওপর গুলিবর্ষণ শুরু করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে মোহাম্মদ আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দুপক্ষের গোলাগুলিতে পড়ে সে গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান মোহাম্মদ আলী মৃত। ঘটনাস্থল থেকে র‌্যাব দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল, একটি নাইন এম এম বিদেশি পিস্তল, একটি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে বলেও জানান তিনি। ফজলুল করিম বলেন, "মোহাম্মদ আলী রূপগঞ্জ থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ১২টি মামলা রয়েছে। ২০০৫ সালে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলাম হত্যা মামলার রায়ে তার মৃত্যুদণ্ড হয়েছে। এতদিন সে পলাতক ছিল।" এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০১ ঘ.