নীলফামারী, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীতে গত সাতদিনে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর একজন আঞ্চলিক কমান্ডারসহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বশেষ গত বুধবার জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার আবুল কুদ্দুস খান সালফিকে (৪০) তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুরের পীরগাছা উপজেলার প্রতাপ জয়সেন এলাকার সবেল উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যদের কাছ থেকে জিহাদী বই, চাপাতি ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
নির্বাচন সামনে রেখে জেএমবি আবার সংগঠিত হচ্ছে-এ খবরের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার মনিরুল ইসলাম।
তিনি জানান, এর আগে গ্রেপ্তারকৃত এহসার সদস্য গোলজার হোসেন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন নির্বাচনে জামায়াত তথা চারদলীয় জোটের পক্ষে তারা মাঠে নেমেছে।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে তিন শতাধিক জেএমবি সদস্য আত্মগোপনে আছেন বলেও জিজ্ঞাসাবাদে জানা গেছে। এদের গ্রেপ্তার কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহাদত হোসেন জানান, গ্রেপ্তারকৃত বাকি ছয়জন হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী মুন্সীপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে নুর আলম (২৩), একই গ্রামের মৃত লোকমান আলীর ছেলে মামুনুর রশীদ (২৩), লুৎফর রহমানের ছেলে মাজেদুল ইসলাম লাবু (৪০), শৌলমারী গ্রামের নইমুদ্দীনের ছেলে দিদার রহমান (৫৩) ও ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ি গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে গোলজার হোসেন (২২) ও দক্ষিণ তিতপাড়ার ফকির উদ্দীনের ছেলে হাফিজুল ইসলাম (৩০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০০ ঘ.
bdnews24