২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোট এখনো ভাঙ্গে নাই: এরশাদ

মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই অবস্থান বদলে সাবেক সামরিক একনায়ক হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, মহাজোট এখনো ভাঙ্গে নাই। নির্বাচনী রাজনীতির নাটকীয় এই বোলচালের বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 08:29 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই অবস্থান বদলে সাবেক সামরিক একনায়ক হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, মহাজোট এখনো ভাঙ্গে নাই। নির্বাচনী রাজনীতির নাটকীয় এই বোলচালের বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে এরশাদ বলেছেন, "মহাজোট এখনো ভাঙ্গে নাই। বিকাল ৫টা নাগাদ তারা প্রার্থী প্রত্যাহার করলে আমরা মহাজোটের সঙ্গে নির্বাচনের জন্য প্রস্তুত আছি। " জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ এর আগে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে সাংবাদিকদের বলেছিলেন, "জাতীয় পার্টি আর মহাজোটে নেই। আওয়ামী লীগ এখন যদি আমাদের ৭০ বা ৮০ টি আসনও সাধে তাও আমরা মহাজোটে ফিরে যাবো না।" বুধবার রাতে প্রেসিডিয়াম বৈঠক শেষে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সিনিয়র নেতাদের নিয়ে প্রেস ব্রিফিং করে মহাজোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। বৃহস্পতিবার জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণার সংবাদ সম্মেলনে সাবেক এ সামরিক শাসক বলেন, "আমরা বিকাল ৫টা পর্যন্ত অপেক্ষা করবো।" নয় বছর বাংলাদেশ শাসনকারী সাবেক জেনারেল বলেন, "মহাজোটের কথা আমিই আগে বলেছি। লন্ডনে আমাদের প্রতিনিধি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। উনি মহাজোটের কথা বলেছিলেন। আমি দেশে ফিরে মহাজোটের কথা বার বার বলেছি। এ মহাজোটের কথা বলার পর আওয়ামী লীগের অনেক নেতৃস্তরের ব্যক্তি আমাকে পরিহাস করেছেন, কটুক্তি করেছেন। এটা আপনারা সব জানেন। আমি এসব সহ্য করেছি।" তার অভিযোগ, "এরপর শেখ হাসিনা দেশে ফিরে এলেও ১০/১২ দিন আমার সঙ্গে কথা বলেননি। তখন আমার মনে হয়, আমাদের প্রয়োজন নেই। আমি বলেছিলাম, উনি মনে করছেন, আমাদের প্রয়োজন নেই। তখন আমরা বলেছিলাম, আমরা একাই নির্বাচন করবো। এরপর তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তারপর থেকে আমরা তার সঙ্গে আছি।" বুধবার রাতের ক্ষুব্ধ চেহারার এরশাদের কণ্ঠ বৃহস্পতিবার সকালে ছিল অনেক নমনীয়। "একটি লিখিত অঙ্গীকার ছিল আমাদের ৬০টি আসন দেওয়া হবে। ৬০টি থেকে এসে দাড়ালো ৫০। ৫০টি থেকে ৪৭টি। এখন কালকে (বুধবার) শুনলাম ৪৭ থেকে ৪০। আমাদের যে দাবী ছিল সেটা তারা মানেননি। আমাদের চাহিদামতো যদি আসন দেওয়া হয় এবং এসব আসন থেকে তাদের প্রার্থী প্রত্যাহার করে নেন তাহলে আমরা মহাজোটে আছি।"-বলেন তিনি। জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে কি-না, এ প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, "আমরা বিকাল ৫টা পর্যন্ত অপেক্ষা করবো। প্রেসিডিয়াম বৈঠক করে সিদ্ধান্ত নিব। আমরা আশা করি তারা প্রত্যাহার করে নিবেন। আমি শুনেছি মহাজোটের নেত্রী ইতিমধ্যেই এ নিয়ে চিঠি দিয়েছেন।" তিনি বলেন, "ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আওয়ামী লীগের অফিসে গিয়ে ৯ ঘণ্টা বসে ছিলেন; কেউ তার সঙ্গে দেখা করেননি। আমাদের প্রতি অনেক অবহেলা করা হয়েছে, অসম্মান করা হয়েছে। তা সত্ত্বেও বার বার বলেছি আমরা মহাজোটে আছি। "আমি এখনো বলছি ওনারা সংবাদ সম্মেলন করে বলেছিলেন ৪৭টি আসন দেওয়া হবে। সেই সব আসনে তারা প্রার্থী দিয়েছেন। তারা মিছিল মিটিং করছে। আমাদের প্রার্থীর বিরুদ্ধে মামলা করছেন। আমার জায়গায় প্রার্থী দিয়েছে। আমি তো হাসিনার জায়গায় প্রার্থী দেইনি। আমরা জোটে আছি আর আমাদের প্রার্থীর বিরুদ্ধে তারা মামলা করছেন। এটা নীতিগতভাবে ঠিক নয়।" জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, "এতো অভিযোগের পরও দেশের স্বার্থে আমরা বলেছি মহাজোট করবো। তারা যদি বিকাল ৫টা পর্যন্ত প্রত্যাহার করেন, তাহলে আমরা মহাজোটে থাববো। মহাজোট এখনও ভাঙ্গে নাই। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে।" রাষ্ট্রপতি পদ সম্পর্কে তিনি বলেন, "আমরা নির্বাচনে জয়ী হলে সবকিছু পাওয়া যাবে। না হলে কিছুই পাওয়া যাবে না। জোট থাকলে নির্বাচনে জয়ী হবো নিশ্চিত।" চারদলীয় জোটের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি-না, জানতে চাইলে খালেদার প্রথম আমলে কারাভোগকারী এরশাদ বলেন, "চারদলীয় জোটের সঙ্গে যোগাযোগ করতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়।" এর আগে এরশাদ বার বার বলে এসেছেন, চারদলের সঙ্গে কোনোভাবেই তিনি জোটবদ্ধ হবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এজে/