২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর ক্ষমতায়নে একত্রে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, নারী সংগঠন, নাগরিক সমাজ ও সচেতন জনগোষ্ঠীকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 07:23 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, নারী সংগঠন, নাগরিক সমাজ ও সচেতন জনগোষ্ঠীকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০০৮ বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। ৯ ডিসেম্বর ছিল বেগম রোকেয়া দিবস। সেদিন ঈদের ছুটি থাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার রোকেয়া দিবস ও রোকেয়া পদক প্রদান অনুষ্ঠান আয়োজন করে। প্রধান উপদেষ্টা নারী সমাজের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য নাসরিন পারভিন হক (মরণোত্তর) এবং ড. সুলতানা সারওয়াত আরা জামানকে এ পদক দেন। নাসরিন হকের পক্ষে তার মেয়ে পদক গ্রহণ করেন। প্রধান উপদেষ্টা বলেন, "নারী শিক্ষা, নারী অধিকার ও নারীর ভাগ্য উন্নয়নের পথিকৃৎ বেগম রোকেয়া এদেশের নারী সমাজকে অধিকার আদায়ে যে অনুপ্রেরণা যুগিয়েছেন তা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।" তিনি বলেন, "আমার বিশ্বাস নারী সমাজের বিশাল সম্ভাবনা রয়েছে। অনুকূল ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে ঘরে-বাইরে সর্বত্র তারা যোগ্যতা ও ক্ষমতার স্বাক্ষর রাখতে পারবেন। "জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে তৈরি হয়েছে দারিদ্র্য নিরসন কৌশলপত্র। এর গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি, নারী শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করা ও মাতৃস্বাস্থ্যের উন্নতিসাধন অন্যতম। "আজ বাংলাদেশে নারীর অবস্থানের যে ইতিবাচক অর্জন তার পেছনে রয়েছে বেগম রোকেয়ার নিরলস প্রচেষ্টা। ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা-প্রকৌশল, বিজ্ঞান, সামরিক-বেসামরিক প্রশাসনে, উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিটি স্তরে এবং রাষ্ট্রীয় রাজনীতিতে আজ নারীরা অনেক এগিয়ে। এ অগ্রসরমানতা অনেক গতিশীল, প্রাণচাঞ্চল্যে ভরপুর।" তিনি দুঃখ প্রকাশ করে বলেন, "কিন্তু দুঃখ হয় যখন আজও নারী যৌতুকের বলি, ইভ টিজিংয়ের শিকার হয়; ঘরের নিভৃত কোণে, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে, বাসস্ট্যান্ডে মা-বোন-বধূ, গৃহকর্মী, ছাত্রী নিগ্রহের শিকার হয়। এজন্য মন-মানসিকতা, মূল্যবোধ ও নৈতিকতার পরিবর্তন আবশ্যক। প্রয়োজনমতো আইনের কঠোর প্রয়োগও সমান জরুরি। সমাজবিদ, গণমাধ্যম, নাগরিক সমাজ, আইনজ্ঞদের এজন্য এগিয়ে আসার আহ্বান জানাই।" তিনি বলেন, "আমরা এর শেষ দেখতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এজে/জিএনএ/১৩১৪ ঘ.