২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্ জালাল (র.) এর দরগায় হাসিনা

শেখ হাসিনা বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় সিলেটে হযরত শাহ্ জালাল (র.) এর দরগায় পৌঁছেছেন। এরপর শাহ্ পরান (র.) এবং বোরহান উদ্দিন শাহ্ (র.) এর দরগায় জিয়ারত করে তিনি তিনি সিলেটের সার্কিট হাউসে যাবেন। হাসিনার গাড়িবহর থেকে জানাচ্ছেন সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 07:13 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় সিলেটে হযরত শাহ্ জালাল (র.) এর দরগায় পৌঁছেছেন। এরপর শাহ্ পরান (র.) এবং বোরহান উদ্দিন শাহ্ (র.) এর দরগায় জিয়ারত করে তিনি তিনি সিলেটের সার্কিট হাউসে যাবেন। হাসিনার গাড়িবহর থেকে জানাচ্ছেন সুমন মাহবুব। সিলেটে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাহ্ জালাল (র.) এর মাজারের আগ পর্যন্ত শহরের পুরো রাস্তায় কোনো গাড়ি দেখা যায়নি। উৎসাহী মানুষজনকে রাস্তার পাশে দাঁড়িয়ে শেখ হাসিনাকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। সিলেটে এসব মাজার জিয়ারত শেষে নবম সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আগের নির্বাচনগুলোতেও সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারাভিযান শুরু করেন। সকাল ৭ টা ৫০ মিনিটে তার সুধা সদনের বাসভবন থেকে সিলেটের পথে যাত্রা করেন হাসিনা। তার সঙ্গে আছেন দলের প্রেসিডিয়াম সদস্য বৃহত্তর সিলেটের প্রবীন রাজনীতিক সুরঞ্জিত সেন গুপ্ত। হাসিনার গাড়িবহর ঢাকা থেকে নারায়ণগঞ্জের পুরিন্দা বাজারের সামনে পৌঁছালে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা তার গাড়িবহর থামিয়ে স্লোগান দেয়। এ সময় নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন। নরসিংদির ইটাখোলা, রায়পুরা থানার বারোইচা, সরাইলের বিশ্বরোড এবং হবিগঞ্জের মাধবপুর বাজারে স্থানীয় নেতাকর্মীদের ভিড়ে হাসিনার গাড়িবহরের গতি কমে যায়। গাড়িতে বসে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন তিনি। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের দেউন্দি চা বাগানে প্রবেশের পথে মহাসড়কে দাঁড়িয়ে শত শত মানুষ হাসিনাকে অভিনন্দন জানান। শায়েস্তাগঞ্জ বাজারের নতুন ব্রিজের কাছে, হবিগঞ্চের মৌচাক বাজারের বাহুবলে, ফুলতলী বাজার, বেজপাড়া বাজার, আউশকান্দি, সিলেটের গোয়ালা বাজার, তাজপুর বাজার, দয়ামীর বাজার, কুরায়া বাজার, নাজিরের বাজার, রশিদপুরেও শত শত মানুষ হাসিনাকে শুভেচ্ছা জানায়। হাসিনা হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। মৌলভিবাজার জেলার শেরপুর বাজারে মৌলভিবাজার-৩ আসনের মোহসিন আলীর কয়েক হাজার কর্মীসমর্থক শেখ হাসিনার গাড়ি থামিয়ে দিলে হাসিনা গাড়ির পাদানিতে দাঁড়িয়ে হাত নাড়েন। এ সময় তারা ফুলের পাপড়ি দিয়ে দলীয় সভানেত্রীকে শুভেচ্ছা জানান। সিলেট শহরে ঢোকার মুখে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহামুদ উর সামাদ কয়েস চৌধুরী এর কর্মীসমর্থকরাও গাড়িবহর ঘিরে ধরলে হাসিনা তখন পাদানিতে দাঁড়িয়ে তাদের শুভেচ্ছা জানান। ১২ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে শেখ হাসিনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৩০৮ ঘ.