খাগড়াছড়ি, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি শহরে ঢোকার মুখে আলুটিলা এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সোমবার ট্রাকের ধাক্কায় একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ছয়জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে একটি শিশু ও পাঁচজন নারী।
এদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে- টুলু মারামা (২০) ও শিজিব ওরফে রফি চাকমা (২৫)। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থঅয় শেফা মারামা (১৮) নামে এক যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খগড়াছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল জানান, দুপুর দেড়টার দিকে আলুটিলার কাছে একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের ৪০ ফুট গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ছয়জন মারা যায়। এখনো সবার পরিচয় নিশ্চিত করা যায়নি। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ইকবাল জানান, যাত্রীরা চট্টগ্রাম থেকে বাসটি রিজার্ভ করে খগড়াছড়ি ফিরছিলেন। বাসে প্রায় ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের প্রায় সবাই চট্টগ্রামের পোশাক কারখানার শ্রমিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/টিএইচ/জিএনএ/১৭৩০ ঘ.
bdnews24