২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে ভিআইপি বন্দি কম, যারা আছেন তাদের জন্য আলাদা জামাত

গতবারের চেয়ে ভিআইপি বন্দির সংখ্যা কমে যাওয়ায় এবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদের আয়োজন কিছুটা সাদামাটা। তবে আগেরবারের মতো এবারও ঢাকা কেন্দ্রীয় কারাগারে কোরবানির ঈদের তিনটি জামাত হবে। ভিআইপি বন্দিদের জন্যও আলাদা জামাত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2008, 10:59 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতবারের চেয়ে ভিআইপি বন্দির সংখ্যা কমে যাওয়ায় এবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদের আয়োজন কিছুটা সাদামাটা। তবে আগেরবারের মতো এবারও ঢাকা কেন্দ্রীয় কারাগারে কোরবানির ঈদের তিনটি জামাত হবে। ভিআইপি বন্দিদের জন্যও আলাদা জামাত হবে। কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দ্রীয় কারাগারে ঈদের প্রথম জামাত হবে সকাল ৮টায়। এরপর সকাল ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এবার কারাগারে তেমন ভিআইপি বন্দি নেই। অধিকাংশই জামিনে ছাড়া পেয়ে গেছেন। যারা আছেন তাদের জন্য সকাল সাড়ে ৮টায় আলাদা জামাতের ব্যবস্থা থাকবে। বর্তমানে ভিআইপি বন্দিদের মধ্যে নাজমুল হুদা, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, হাবিবুর রহমান মোল্লা, গিয়াস উদ্দিন আল মামুন, আতিকুল্লাহ খান মাসুদ, বাহাউদ্দিন নাসিম অন্যতম। এদের মধ্যে বাহাউদ্দিন নাসিম ছাড়া বাকিরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে রয়েছেন। সামসুল হায়দার জানান, কারাগারের ভেতরে কোরবানি দেওয়ার কোনো বিধান নেই। তবে ঈদের দিনে বন্দিদের বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে। তাছাড়া বন্দিদের আত্মীয় স্বজনদের দেওয়া খাবারও পরীক্ষার পর সরবরাহ করা হবে এবং তাদের সঙ্গে দেখা করারও বিশেষ সুযোগ থাকবে। বিডিনিউজ টোয়েীন্টফোর ডটকম/এলএইচ/টিএইচ/জিএনএ/১৬৪৮ ঘ.