২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজট যন্ত্রণায় ঘরমুখো মানুষ

ঈদ করতে গ্রামমুখো লাখ লাখ মানুষের অনেকেই পড়েছে যানজট যন্ত্রণায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা রাজধানী ছেড়ে বাড়িমুখো মানুষের ভোগান্তির কথা জানাচ্ছেন। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2008, 06:22 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ করতে গ্রামমুখো লাখ লাখ মানুষের অনেকেই পড়েছে যানজট যন্ত্রণায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা রাজধানী ছেড়ে বাড়িমুখো মানুষের ভোগান্তির কথা জানাচ্ছেন। সাভার: অত্যধিক গাড়ির চাপে ঢাকা-আরিচা, নবীনগর-কালিয়াকৈর ও ঢাকা-টাঙ্গাইল সড়কে সৃষ্টি হয়েছে যানজটের। তার ওপর মহাসড়কের বিভিন্ন জায়গায় বসেছে পশুর হাট। সোমবার সকাল থেকেই ঢাকা-আরিচা, নবীনগর-কালিয়াকৈর ও ঢাকা-টাঙ্গাইল সড়কে যানবাহনের চাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে যানজট। আমিনবাজার, কর্ণপাড়া, বাজার বাসস্ট্যান্ড, নবীনগর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, জামগড়া, শ্রীপুর, জিরানীসহ সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয় যানজট। এসময় পুলিশ কর্মকর্তাদের রাস্তায় নেমে লাঠি নিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জাহিদ হোসেন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জনবলের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকায় পরিস্থিতি মোকাবেলায় তাদের হিমশিম খেতে হচ্ছে। তার ওপর সড়কের ওপর বিভিন্ন স্থানে পশুর হাট বসায় পরিস্থিতি জটিল আকার ধারন করেছে।" মুন্সিগঞ্জ: দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়ায় সোমবার সৃষ্টি হয়েছে যানজট। মাওয়া প্রান্তে আটকে আছে চার শতাধিক যানবাহন। রোববার রাত থেকে কনকনে শীতে পদ্মা পাড়ে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে নদী পাড়ি দিতে। বিআইডব্লিউটিসি'র মাওয়া অফিসের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, "পদ্মার বুকে চর পড়ায় এখন ফেরিগুলোকে ১২ কিলোমিটারের জায়গায় ঘুরে যেতে হয় ৩৫ কিলোমিটার। ফলে সময় লেগে যায় অনেক।" তিনি বলেন "৩টি রো রো ফেরিসহ ১৩ টি ফেরি চালিয়েও যানজট নিরসন করা যাচ্ছে না। মাওয়ায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানজটও বাড়ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।" মানিকগঞ্জ: রোববার মধ্যরাত থেকে পাটুরিয়া ঘাটে লেগে আছে গাড়ির জট। যানবাহনের লম্বা লাইন ঘাট ছেড়ে মহসড়কের ৬ কিলোমিটার পর্যন্ত দখল করে রেখেছে। বিআইডব্লিউটিসি আরিচা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জানান, রোববার রাত ১টা থেকে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত ৩ টার পর টার্মিনাল ছাপিয়ে যানবাহনের লম্বা লাইন ঢাকা-আরিচা মহাসড়ক দখল করে নেয়। সোমবার সকাল ৯ টার পর যানজট মহাসড়কের ৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। বিআইডব্লিউটিসি'র আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফুল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১০টি ফেরি চলাচল করলেও যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়েছে।" বিকেল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন তিনি। কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি-গোমতী সেতুর দুই পাশে প্রায় ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। রোববার রাত ২টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। দাউদকান্দি হাইওয়ে উপপরিদর্শক জিল্লুর রহমান বলেন, "অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়েছে।" সকালে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ একযোগে কাজ শুরু করলে সকাল ৯ টা থেকে যানজট কমতে শুরু করেছে। দীর্ঘ এ যানজটের কারণে দুর পথের যাত্রীরা রাতে নিরাপত্তাহীনতার মধ্যে পড়েন। স্থানীয় অধিবাসী আবদুল ঢালী বলেন, "চালকরা নিয়ম মেনে গাড়ি না চালানোর কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। রাত পর্যন্ত টহল পুলিশ না থাকায় এমনটা হয়েছে।" টাঙ্গাইল: মির্জাপুর উপজেলার গোড়াই থেকে যমুন সেতু এপ্রোচ সড়কের এলেঙ্গা পর্যন্ত ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর মুজিবুল হক সোমবার বলেন, "ঈদের কারণে যানবাহনের চাপে গত রোববার থেকে মহসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।" তিনি বলেন, "এই রুটের নির্ধারিত যানবাহন ছাড়াও ঢাকার স্থানীয় বিভিন্ন পরিবহনের বাস ও মিনিবাস রিজার্ভ করে যাত্রীরা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যাচ্ছেন। এছাড়া মালবাহী ট্রাকেও অনেকে বাড়ি ফিরছেন। প্রাইভেট গাড়িও চলছে অসংখ্য। কোনো যানবাহনই স্বাভাবিক গতিতে চলতে পারছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১৪১১ ঘ.