২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবু বাড়ি ফেরা

যানজট, অতিরিক্ত ভাড়া আর টিকেট বিড়ম্বনায় প্রতিবারের মতো এবারও সীমাহীন দুর্ভোগে পড়েছে ঘরমুখো মানুষ। বাসের আসনের তুলনায় টিকেট বিক্রি হচ্ছে বেশি। ঈদ বলে শীতের রাতেও ছাদে উঠেছেন নিরুপায় যাত্রীরা। ঢাকা থেকে নীলফামারীর পথে বাসযাত্রী মোহসিনুল করিমের বয়ানে তারই খণ্ডচিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 06:50 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

মোহসিনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট, অতিরিক্ত ভাড়া আর টিকেট বিড়ম্বনায় প্রতিবারের মতো এাবরও সীমাহীন দুর্ভোগে পড়েছে ঘরমুখো মানুষ। আসনের তুলনায় টিকেট বিক্রি হয়েছে বেশি। ঈদ বলে শীতের রাতেও ছাদে উঠেতে বাধ্য হচ্ছেন নিরুপায় যাত্রীরা। নীলফামারী যাওয়ার জন্য রোববার রাতে রাজধানীর শ্যামলী এলাকার নাবিল পরিবহনের কাউন্টারে গিয়ে দেখা গেল দারুণ ভিড়। বাসের আসন সংখ্যার চেয়ে অনেক বেশি বিক্রি করে বসে আছে কর্তৃপক্ষ। টিকেট বিক্রেতা সুইট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "আমরা অতিরিক্ত টিকেট বিক্রি করতে চাইনি। কিন্তু বাড়তি টিকেট না ছাড়লে বহু যাত্রী বাড়ি যেতে পারবে না। যাত্রীদের চাপে আর মানবিক কারণে বেশি টিকেট ছাড়তে বাধ্য হয়েছি।" রাত ১০টায় গাবতলী থেকে বাস ছাড়লো নীলফামারীর ডিমলার উদ্দেশে। গরু-ছাগলের হাটের কারেণ গাবতলীতে ব্যাপক যানজট। এ কারণে বাস চললো আশুলিয়া হয়ে। তারপরও রাত ১১টা পর্যন্ত আশুলিয়া পার হওয়া হলো না। নাবিল পরিবহনের বাসটিতে আসন ৪০টি হলেও টিকেটধারী যাত্রী ৫৩জন। ইঞ্জিনের ওপর বসানো হয়েছে আটজনকে। বাকিরা রড ধরে দাঁড়িয়েই বাড়ির পথে চলেছেন। শীতের মধ্যে ছাদেও যাত্রী রয়েছেন কয়েকজন। টিকেট ছাড়াই ছাদে উঠিয়ে দেওয়া হয়েছে তাদের। জানালা দিয়ে দেখা গেল, পাশ দিয়ে চলাচলকারী প্রায় সব বাসের ছাদেই যাত্রী রয়েছে। বাসের ভাড়া নিয়েও প্রতিবারের মতো অভিযোগ তুললেন যাত্রীরা। এমনিতে ঢাকা-ডিমলার বাস ভাড়া ৩৪০ টাকা। ঈদ বলে এই দফা নেওয়া হয়েছে ৪৮০ টাকা করে; এমনকি দাঁড়িয়ে গেলেও ভাড়া একই। এতোকিছুর পরও স্বজনদের হাসিমুখ মনে এঁকে বাসের রড ধরে বা ছাদের ওপর কনকনে হাওয়ায় কুঁজো হয়ে বসে বাড়ির পথে চলেছেন সবাই। আগামী মঙ্গলবার কোরবানির ঈদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/জেকে ০০৩৮ ঘ.