২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হুমকি থেকে সাংবাদিকদের রক্ষা মানবাধিকার রক্ষার অন্যতম শর্ত'

হুমকি ও নির্যাতন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা মানবাধিকার রক্ষার অন্যতম শর্ত বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত স্টেফান ফ্রাওয়েন। রোববার মানবাধিকার বিষয়ে সার্বজনীন ঘোষণার ৬০ বছর পূর্তি উপলক্ষে হিউম্যান রাইটস জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- হুমকি ও নির্যাতন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা মানবাধিকার রক্ষার অন্যতম শর্ত বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত স্টেফান ফ্রাওয়েন। রোববার মানবাধিকার বিষয়ে সার্বজনীন ঘোষণার ৬০ বছর পূর্তি উপলক্ষে হিউম্যান রাইটস জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ইউরোপীয় কমিশন রাষ্ট্রদূত বলেন, "আমাদের ভুলে যাওয়া চলবে না যে, সাংবাদিকরাও মানবাধিকার রক্ষার জন্যই কাজ করেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং হুমকি ও নির্যাতনের হাত থেকে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া মানবাধিকার নীতির একটি গুরুত্বপূর্ণ পর্যায়।" তিনি বলেন, "একটি দেশের গণতান্ত্রিক পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাংবাদিকরাই সামনের সারিতে থেকে কাজ করেন।" গুলশানের স্পেক্ট্রা সম্মেলন কেন্দ্রে হিউম্যান রাইটস জাম্বুরির উদ্বোধন ঘোষণা করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আমীরুল কবীর চৌধুরী। নাগরিকদের মানবাধিকার সুসংহত করতে সরকারের প্রতি জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "জরুরি আইনের কয়েকটি ধারা মানবাধিকারের পরিপন্থী। তাই যত দ্রুত জরুরি অবস্থা তুলে নেওয়া হবে, নাগরিকদের জন্য তত দ্রুত মানবাধিকার নিশ্চিত করা সম্ভব হবে।" চেয়ারম্যান বলেন, "আমি আমার এবং কমিশনের অন্য দুই সদস্যের পক্ষ থেকে আপনাদের নিশ্চয়তা দিতে চাই, কোনো ধরনের ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে মানবাধিকার কমিশন দায়িত্ব পালন করে যাবে। যেকোনো ধরনের অনাকাঙ্খিত প্রভাব বা হস্তক্ষেপ মোকাবেলায় আমরা সর্বাত্মক সাহসিকতা নিয়ে কাজ করবো।" গত ১ ডিসেম্বর থেকে নবগঠিত জাতীয় মানবাধিকার কমিশন আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২২১৭ঘ.