২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি আইনের ধারা বাতিলের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল

জরুরি আইনের চারটি ধারা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে সরকার। রোববার সকালে আপিল বিভাগে ওই আবেদন করা হয়। এদিনই এর শুনানি হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 08:56 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি আইনের চারটি ধারা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে সরকার। রোববার সকালে আপিল বিভাগে ওই আবেদন করা হয়। এদিনই এর শুনানি হতে পারে। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৪ ডিসেম্বর জরুরি ক্ষমতা আইনের জামিন ও আপিলে বাধাসহ চারটি ধারা সংবিধান পরিপন্থী ও অবৈধ বলে রায় দেয়। রিট আবেদনটি করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আইন সালিশ কেন্দ্রের প্রধান সুলতানা কামাল, নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান কার্জন। রোববার আপিল আবেদন করার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা আপিল করেছি। হাইকোর্টের রায়টি স্থগিতের আবেদনও জানানো হয়েছে। আজ (রোববার) এর ওপর শুনানি হতে পারে।" তিনি আরও বলেন, "হাইকোর্ট জরুরি ক্ষমতা আইনের কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে রায় দেন। যেহেতু আইনের প্রশ্ন জড়িত, তাই ওই রায় সুপ্রিম কোর্টে বিচার-বিবেচনা হওয়া উচিত। হাইকোর্ট রায়টি সঠিক দিয়েছে কিনা তা সুপ্রিম কোর্টে নির্ধারিত হবে।" সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের চেম্বার বিচারপতি জয়নাল আবেদীনের অবকাশকালীন বিশেষ আদালতে আপিলের ওপর শুনানি হতে পারে। আপিল আবেদনের ওপর শুনানিতে সরকার পক্ষে থাকবেন অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। রিটকারী পক্ষে থাকবেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল হাই এর হাইকোট বেঞ্চের রায়ে জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৫ ধারা এবং জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩), ১৯ (ঘ) ও ১৯ (ঙ) ধারাকে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হয়। জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৫ ধারায় বলা হয়েছে, এই অধ্যাদেশের দ্বারা বা অধীন অর্পিত কোনও ক্ষমতাবলে প্রদত্ত কোনও আদেশ সম্পর্কে কোনও আদালতে কোনও প্রশ্ন করা যাবে না। জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩) বিধিতে বলা হয়েছে, দুর্নীতি সম্পর্কিত অপরাধের অভিযোগে কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও দণ্ডাদেশ হলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এর বিরুদ্ধে আপিল দায়ের করলে আপিল আদালত আপিল চলাকালীন সময়ে দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান বা নিু আদালতের রায় ও আদেশের কার্যকরতা স্থগিত করতে পারবে না। জরুরি ক্ষমতা বিধিমালার ১৯ (ঘ) বিধিতে বলা হয়েছে, জরুরি অবস্থা ঘোষণার কার্যকরতাকালে ফৌজদারি কার্যবিধির ধারা ৪৯৭ ও ৪৯৮ বা অন্য কোনও আইনে যাই থাকুক না কেন এই বিধিমালা বা বিধি ১৪ ও ১৫ এ উল্লেখিত কোনও আইনের অধীন কোনও অপরাধ অনুসন্ধান, তদন্ত ও বিচার চলাকালীন কোনও অভিযুক্ত ব্যক্তি কোনও আদালত বা ট্রাইব্যুনালে জামিনের আবেদন করতে পারবে না। জরুরি ক্ষমতা বিধিমালার ১৯ (ঙ) বিধিতে বলা হয়েছে, জরুরি অবস্থা ঘোষণার কার্যকরতাকালে এই বিধিমালা বা বিধি ১৪ ও ১৫ এ উল্লেখিত কোনও আইনের অধীন অনুসন্ধান, অভিযোগ দায়ের বা প্রাথমিক তথ্য বিবরণী, তদন্ত, বিচার পূর্ববর্তী কার্যক্রম বা বিচার চলাকালীন সময়ে কোনও আদালত বা ট্রাইব্যুনালের দেওয়া কোনও আদেশকে চূড়ান্ত রায় ছাড়া উচ্চতর কোনও আদালত বা ট্রাইব্যুনালে তর্কিত করে কোনও রকম প্রতিকার দাবি করা যাবে না। গত ৫ জুন সুলতানা কামাল, নূরুল কবীর ও হাফিজুর রহমান কার্জন জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন। রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ২০০৭ সালের জানুয়ারিতে দেশে জরুরি অবস্থা জারি করা হয়। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের আগে জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার করা হবে বলে সরকারের পক্ষ থেকে প্রতিশ্র"তি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৪৪৩ ঘ.