গাজীপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টঙ্গীর মরকুল এলাকার ফরহাদ (৩৫) বন্দি জীবনে শনিবারই প্রথম মুক্ত পরিবেশে স্ত্রী-শিশু সন্তান নিয়ে কয়েক ঘণ্টা সময় কাটালেন। গাজীপুর কারাগারে তারা একত্রে গল্পগুজব আর দুঃখ-সুখের কথা বললেন।
দ্রুত বিচার আইনের একটি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ফরহাদের কয়েদি জীবনে শনিবারের সকালটি তাই অন্যদিনগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদাই কেটেছে।
ফরহাদের মত আরও আটজন কয়েদি ও ১১ জন হাজতি এ সুযোগ পেয়েছেন। গাজীপুর কারাগারের প্রধান ফটকের ভেতরে সবুজ মাঠের এক পাশে ফুলবাগানে বন্দিদের সঙ্গে তাদের নিকটাত্মীয়দের সময় কাটানোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
কারাধ্যক্ষ নরুল ইসলাম সে সময়ের পরিবেশ সম্পর্কে সাংবাদিকদের বলেন, "অভূতপূর্ণ সেই দৃশ্য। বাবা শিশু সন্তানকে কোলে নিয়ে আদরে আদরে ভরে দিচ্ছেন। বয়স্ক বাবা ছেলের মাথায় হাত রাখছেন। ছেলে আবেগ ধরে রাখতে না পেরে হু হু করে কাঁদছেন। হৃদয় ছুঁয়ে যাওয়া এসব দৃশ্যের পাশাপাশি চলছে স্বামী-স্ত্রীর খুনসুটি, হাসির রোল।"
তিনি বলেন, "কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান গত ৪ ডিসেম্বর আকস্মিকভাবে গাজীপুর কারাগার পরিদর্শন করেন। উনার নির্দেশে বন্দিদের সঙ্গে তাদের স্বজনদের মিলনের এ ব্যবস্থা করা হয়েছে।"
এছাড়া বন্দি স্বজনদের সাক্ষাত ব্যবস্থায়ও পরিবর্তন আনা হচ্ছে। আগে সাক্ষাতকক্ষের উভয় পাশে গ্রিলের জাল থাকায় পরস্পরের মুখ ভালভাবে দেখা যেতো না। চেঁচিয়ে দৃষ্টি আকর্ষণ করতে হতো। বর্তমান ব্যবস্থায় জাল সরিয়ে নেওয়ায় বন্দী ও তাদের স্বজনদের মাঝে শুধু লোহার রড় থাকছে। ফলে তারা স্বচ্ছন্দে দেখা করা ও কথা বলতে পারবেন।
গাজীপুর কারাগারের তত্ত্বাবধায়ক মো. ওবায়দুল হক জানান, বন্দী ও স্বজনদের এক সঙ্গে সময় কাটানোর ব্যবস্থাটি অব্যাহত থাকবে। যেসব বন্দি সুন্দর-সুশৃঙ্খল জীবনযাপন, পরিশীলিত আচরণ করবেন তাদের স্বজনদের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১১ ঘ.
bdnews24