২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে বাধাসহ জরুরি আইনের চারটি ধারা অবৈধ : হাইকোর্ট

জরুরি ক্ষমতা আইনের জামিন ও আপিলে বাধাসহ চারটি ধারা সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জরুরি ক্ষমতা আইনের জামিন ও আপিলে বাধাসহ চারটি ধারা সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল হাই এর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, নিউ এজ সম্পাদক নুরুল কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান কার্জনের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের ওপর দীর্ঘ শুনানি গ্রহণ করে দুদিন ব্যাপী এই রায় দেন। আদালত রায়ে জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৫ ধারা এবং জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩), ১৯ (ঘ) ও ১৯ (ঙ) ধারা সংবিধান পরিপন্থী ও অবৈধ বলে রায় দেন। জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৫ ধারায় বলা হয়েছে এই অধ্যাদেশের দ্বারা বা অধীন অর্পিত কোন ক্ষমতাবলে প্রদত্ত কোন আদেশ সম্পর্কে কোন আদালতে কোন প্রশ্ন করা যাবে না। জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩) বিধিতে বলা হয়েছে, দুর্নীতি সম্পর্কিত অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আপিল দায়ের করলে আপিল আদালত আপিল চলাকালীন তাকে জামিনে মুক্তি প্রদান বা নিু আদালতের রায় ও আদেশের কার্যকারিতা স্থগিত করতে পারবে না। জরুরি ক্ষমতা বিধিমালার ১৯ (ঘ) বিধিতে বলা হয়েছে, জরুরি অবস্থা ঘোষণার কার্যকারিতাকালে ফৌজদারি কার্যবিধির ধারা ৪৯৭ ও ৪৯৮ বা অন্য কোন আইনে যাই থাকুক না কেন এই বিধিমালা বা বিধি ১৪ ও ১৫ এ উল্লেখিত কোন আইনের অধীন কোন অপরাধ অনুসন্ধান, তদন্ত ও বিচার চলাকালীন কোন অভিযুক্ত ব্যক্তি কোন আদালত বা ট্রাইবুনালে জামিনের আবেদন করতে পারবে না। জরুরি ক্ষমতা বিধিমালার ১৯ (ঙ) বিধিতে বলা হয়েছে, জরুরি অবস্থা ঘোষণার কার্যকারিতাকালে এই বিধিমালা বা বিধি ১৪ ও ১৫ এ উল্লেখিত কোন আইনের অধীন অনুসন্ধান, অভিযোগ দায়ের বা প্রাথমিক তথ্য বিবরণী, তদন্ত, বিচার পূর্ববর্তী কার্যক্রম বা বিচার চলাকালীন কোন আদালত বা ট্রাইবুনালের দেওয়া কোন আদেশকে চুড়ান্ত রায় ছাড়া উচ্চতর কোন আদালত বা ট্রাইব্যুনালে কোন রকম প্রতিকার দাবি করা যাবে না। চুড়ান্ত শুনানিতে রিটকারীর পক্ষে অংশ নেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। আদালতের সহায়তাকারী হিসেবে বক্তব্য রাখেন ড. এম জহির, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, আজমালুল হোসেন কিউসি, ড. শাহদীন মালিক ও ব্যারিস্টার এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। গত ১৫ জুন জরুরি ক্ষমতা আইনের জামিন ও আপিলে বাধা, সাজার মেয়াদ বেধে দেওয়া এবং আগের ঘটনায় দায়ের করা মামলা এই আইনে অন্তর্ভূক্তিসহ কয়েকটি ধারা কেন সংবিধান পরিপন্থি ও অবৈধ ঘোষণা করা হবেনা জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুলনিশি জারি করেছিল। গত ৫ জুন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, নিউ এজ সম্পাদক নুরুল কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক হাফিজুর রহমান কার্জনর জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেছিলেন। রিটে প্রথম জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৩ (৩) (খ) ও ৩ (৪) ধারা এবং জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩), ১৯ (ঘ) ও ১৯ (ঙ) বিধির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল। পরে ১৩ আগস্ট সম্পূরক রুল জারির মাধ্যমে জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৫ ধারা অন্তর্ভূক্ত করে রুল সংশোধন করা হয়। রায়ে আদালত বলেন, সংবিধানের মূল বৈশিষ্ট কোন সংশোধনের মাধ্যমে পরিবর্তনযোগ্য নয়। এই মূল বৈশিষ্ট হল গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন। দেশের সকল ব্যক্তি যদি একযোগে রাজতন্ত্রের পক্ষে মত প্রকাশ করে তবুও তা সম্ভব হবে না সংবিধানের এই মূল বৈশিষ্টের কারণে। কারণ তা হবে গণতন্ত্র ও প্রজাতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। রায়ে আরও বলা হয়েছে, ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত সংবিধান বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সংবিধানে একটি প্রতিনিধিত্বমূলক সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সংবিধান আইন প্রণয়নের সকল ক্ষমতা সংসদকে দিয়েছে। রায়ে বলা হয়েছে, ১৮ বছরের ওপরের বয়সের নাগরিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে সংসদের প্রতিনিধি নির্বাচিত হবে। এ কারণে জাতীয় সংসদ পবিত্র স্থান। সংসদের অনুমোদন ব্যতীত কোন আইন বা কর আরোপ করা যাবে না। রায়ে আরও বলা হয়েছে, যদিও রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও সেনাবাহিনী মোতায়েনের জন্য সংসদের অনুমোদন লাগবে। কাজেই সংবিধান অনুযায়ী সংসদই সকল কার্য পরিচালনা করবে। এরই আলোকে জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৫ ধারা এবং জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩), ১৯ (ঘ) ও ১৯ (ঙ) বিধির বিধানগুলো সংবিধান ও এখতিয়ার বর্হির্ভূত ঘোষণা করা হল। রায়ের পর রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার আমীর উল ইসলাম সাংবাদিকদের বলেন, জামিন চাওয়া যাবে না আদালত জামিন দিতে পারবে না এসব বিধান হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২২৫৩ঘ.