ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুইটি ফৌজদারি মামলায় তিন মাসের জন্য জামিন পেয়েছেন জোট সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
অন্যদিকে, রাষ্ট্রদ্রোহ মামলায় দুই মাসের জামিন পেয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাসিম।
বৃহস্পতিবার হাইকোর্টের দুটি পৃথক বেঞ্চ এই জামিন আদেশ দেয়।
নাজমুল হুদার বিরুদ্ধে চাঁদাবাজি এবং অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ৫ জুলাই ধানমন্ডি থানায় এবং ২৫ সেপ্টেম্বর পল্টন থানায় দুটি মামলা হয়।
গত ১ ডিসেম্বর মামলা দুটির বৈধতা চ্যালেঞ্জ করে তার পক্ষে একটি রিট আবেদন দায়ের করেন হুদার আইনজীবী। ওই রিট আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ তার তিন মাসের জামিন মঞ্জুর করে।
এতে আসামিপক্ষে অংশ নেন আদিলুর রহমান খান ও আহসানুল করিম এবং সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার গুলজার হোসেন। এছাড়া দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল আজিজ খান।
এদিকে বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের বেঞ্চ বাহাউদ্দিন নাসিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় তার দুই মাসের জামিনের আদেশ দেয়।
নাসিমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম।
২০০২ সালের ১১ মার্চ বিমানবন্দর থানায় নাসিমের বিরুদ্ধে মামলাটি করা হয়।
এদিকে, ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমকে আগামী ১১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সময় পর্যন্ত তাকে গ্রেপ্তার বা হয়রানি না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের হাইকোর্ট বেঞ্চ চারটি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ওবায়দুল করিমের রিট আবেদনের ওপর শুনানিকালে এই আদেশ দেয়।
ওবায়দুল করিমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট খান সাইফুর রহমান।
এছাড়া বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে দুইটি মামলায় দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে দেওয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ পিন্টুর রিভিউ আবেদন খারিজ করে এই রায় দেন।
ত্রাণের টিন আত্মসাতের দুটি মামলায় পিন্টুকে হাইকোর্টের দেওয়া জামিন গত ২০ নভেম্বর সুপ্রিম কোর্ট স্থগিত করে। সুপ্রিম কোর্টের সেই আদেশ রিভিউ (পুনর্বিবেচনা) করার জন্য পিন্টুর দায়ের করা আবেদনের ওপর এদিন শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক, সিনিয়র অ্যাডভোকেট এম এ মালেক ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলি। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২০০৩ঘ.
bdnews24