২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় দুর্ঘটনা কবলিত ফেরি নিরাপদ

তিনশ যাত্রী নিয়ে মঙ্গলবার রাতে পদ্মায় দুর্ঘটনা কবলিত ফেরিটি শেষ পর্যন্ত নিরাপদে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। মাওয়া ঘাট থেকে কাওড়াকান্দি যাওয়ার পথে ফেরিটি তলা ছিদ্র হয়ে ডুবতে বসেছিল। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 07:18 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনশ যাত্রী নিয়ে মঙ্গলবার রাতে পদ্মায় দুর্ঘটনা কবলিত ফেরিটি শেষ পর্যন্ত নিরাপদে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। মাওয়া ঘাট থেকে কাওড়াকান্দি যাওয়ার পথে ফেরিটি তলা ছিদ্র হয়ে ডুবতে বসেছিল। বিআইডব্লিউটিসি'র মাওয়ায় কর্মরত ম্যানেজার সিরাজুল ইসলাম রাত সাড়ে ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ফারহানা মীর্জাকে একথা জানান। সিরাজুল ইসলাম বলেন, মুন্সিগঞ্জ থেকে দমকলের উদ্ধারকারী দল গিয়ে বিআইডব্লিউটিসি দলের সঙ্গে একসঙ্গে দ্রুত পাম্প করে পানি বের করে দেয়। তারা তলায় হওয়া ছিদ্রগুলোও বন্ধ করে ফেরিকে বিপদমুক্ত করে। তিনি বলেন, রাত ১২টার দিকে যাত্রী ও ২২ টি যানবাহনসহ ফেরিটি আবার গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। মুন্সিগঞ্জ থেকে দমকলের উদ্ধারকারী দল রাত ১১ টার দিকে ফেরিটির কাছাকাছি পৌঁছে যায়। এর আগে বিআইডব্লিউটিসি'র মাওয়ায় কর্মরত ম্যানেজার সিরাজুল ইসলাম রাত সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফেরিটিতে রয়েছে তিনশ যাত্রী, তিনটি যাত্রীবাহী বাস, পাঁচটি ছোটগাড়ি এবং মাল ভর্তি ১৪টি ট্রাক। ডুবে যাওয়ার আতঙ্কে আটকে পড়া যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০১০৯ঘ.