ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্ট কর ফাঁকির মামলায় মির্জা আব্বাসের রিট মঙ্গলবার খারিজ করেছে। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
অন্যদিকে সাবেক বিএনপি সাংসদ সিলভার সেলিমের সাজা অবৈধ ঘোষণা করে তাকে মুক্তির আদেশ দিয়েছে হাইকোর্ট।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা কর ফাঁকির মামলার বিরুদ্ধে মির্জা আব্বাসের রিট খারিজ করেছে হাইকোর্ট।
বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ এ রায় দেয়।
কর ফাঁকির এই মামলায় আব্বাসকে আট বছরের কারাদণ্ড দেয় একটি আদালত। রিটে মির্জা আব্বাস আদালতের এই রায় স্থগিতের জন্যও আবেদন করেন।
রিটের শুনানিতে মির্জা আব্বাসের পক্ষে অংশ নেন অ্যাডভোকেট আহসানুল করিম। এর বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদ।
এদিকে দুর্নীতি মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের হাইকোর্টের জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি এমএম রুহুল আমীনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় দেয়।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় পঙ্কজ দেবনাথকে ১৩ বছরের সাজা দেয় আদালত। গত ১১ নভেম্বর এই মামলায় পঙ্কজকে জামিন দেয় হাইকোর্ট।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একই বেঞ্চ পঙ্কজ দেবনাথের কর ফাঁকি মামলায় আপিল বিভাগের চেম্বার জজের স্থগিতাদেশ খারিজ করে দিয়েছে।
গত ১২ মার্চ হাইকোর্ট এই মামলার কার্যক্রম বন্ধের আদেশ দেয়। পরে আপিল বিভাগের চেম্বার জজ হাইকোর্টের এ আদেশ স্থগিত করে।
পঙ্কজ দেবনাথের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আমির-উল-ইসলাম ও অ্যাডভোকেট এনায়েতুর রহিম।
এছাড়া সাবেক বিএনপি সাংসদ এমএএইচ সেলিম ওরফে সিলভার সেলিমের সাজাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ এ আদেশ দেয়।
অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকলে তাকে মুক্তি দেওয়ারও আদেশ দিয়েছে হাইকোর্ট।
সেলিমের পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার রফিক-উল-হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/২১০৪ঘ.
bdnews24