ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির একাংশ।
মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মনছুর আলীর নেতৃত্বাধীন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির এক সমাবেশে শিক্ষক নেতারা এ দাবি জানান।
সমিতির মহাসচিব মো. মনছুর আলী বলেন, "আজকের এই সমাবেশ থেকে আমরা সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি- নির্বাচনী ইশতেহারে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করার বিষয়টি অন্তর্ভুক্ত করুন এবং ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করুন।"
সমাবেশে শিক্ষক নেতাদের পাশাপাশি আওয়ামী লীগ ও বিকল্পধারার নেতারা উপস্থিত থেকে এ দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন।
আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, "আগামীতে স্বাধীনতার পক্ষের সরকার গঠিত হলে নিশ্চয়ই এ দাবি বিবেচনা করা হবে। দলের শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির পক্ষ থেকে শিক্ষকদের এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করছি।"
সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর, বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আখতারুজ্জামান, জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।
সমাবেশে সারা দেশ থেকে নিবন্ধনকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিএইচ/এসকে/১৯৪৪ঘ.
bdnews24