ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩ ডিসেম্বর, বুধবার ১৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। দিবসটি পালন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিশেষ কর্মসূচি আয়োজন করেছে। ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক। সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এছাড়া দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বিশেষ বাণী দিয়েছেন।
বিশেষ সহকারী এম এ মালেক জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ কর্মসূচির উদ্বোধন করবেন। এতে প্রায় ৭০০ প্রতিবন্ধী অংশ নেবে। এছাড়া বিভিন্ন স্থানে আলোচনা, সেমিনার ও শোভাযাত্রার আয়োজন করা হবে।
এক প্রশ্নের জবাবে এম এ মালেক বলেন, "দেশে প্রতিবন্ধীদের প্রকৃত সংখ্যা সরকারের কাছে নেই, কারণ এমন কোনো জরিপ এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। তবে সরকার দ্রুত এ ব্যাপারে একটি জরিপ করার উদ্যোগ নিয়েছে। সুইডেনের আর্থিক ও কারিগরি সহায়তায় এ ব্যাপারে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে সুষ্ঠুভাবে একটি জরিপ করা যায়।"
তবে প্রতিবন্ধীদের সংখ্যার ব্যাপারে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক কামাল আব্দুল নাসের চৌধুরী জানান, জাতিসংঘের হিসেব অনুযায়ী বর্তমানে মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ প্রতিবন্ধী। এ হিসেবে বাংলাদেশে বর্তমানে প্রতিবন্ধীর সংখ্যা প্রায় এক কোটি ৫০ লাখ হতে পারে।
এম এ মালেক জানান, গত বছর দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপ-বৃত্তির জন্য মোট পাঁচ কোটি টাকা বরাদ্দ ছিল। এ বছর বরাদ্দ বাড়িয়ে ছয় কোটি টাকা করা হয়েছে। একইসঙ্গে সর্বনিম্ন উপ-বৃত্তির পরিমাণ বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে। এ বছর ১৩ হাজার ৪১ জনকে উপবৃত্তি দেওয়া সম্ভব হবে।
এছাড়া সরকার বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানান তিনি।
সমাজকল্যাণ সচিব দেওয়ান জাকির হোসাইন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাসুদা বিনতে কাদির, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মনসুর আহমেদ চৌধুরী এবং প্রতিবন্ধী ফোরামের সহ-সভাপতি ফরিদা ইয়াসমিন এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী দিয়েছেন।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, প্রতিবন্ধীদের সম-অধিকার নিশ্চিতকরণ, তাদের জন্য সমান সুযোগ তৈরি ও সব বৈষম্য রোধে সরকার সচেতন। এ ব্যাপারে সংশ্লিষ্ট নীতিমালা ও আন্তর্জাতিক সনদগুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্র"তিবদ্ধ।
প্রতিবন্ধী দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, প্রতিবন্ধীরা আমাদের পরিবার ও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের যথাযথ মার্যাদা প্রদান ও অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সচেতন ও সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/১৯৩৭ঘ.
bdnews24