ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবেলার সরঞ্জাম সংগ্রহে কেন নির্দেশনা দেওয়া হবে না সরকারের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট।
পাশাপাশি এসব সরঞ্জাম সংগ্রহে সরকারের উদ্যোগের অভাবকে কেন অবৈধ ঘোষণা করা হবে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে দুমাসের মধ্যে সরকারকে বর্তমান ভূমিকম্প-পরবর্তী উদ্ধার সরঞ্জামাদির তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা জনস্বার্থ সংশ্লিষ্ট আবেদনের (পিআইএল) পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ এ আদেশ দেয়।
স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং দমকল বিভাগের (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স) মহাপরিচালক ও পরিচালককে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এইচআরপিবি চেয়ারম্যান অ্যাডভোকেট মঞ্জিল মুরশিদ আদালতকে বলেন, ভবিষ্যতে বাংলাদেশে একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার সমূহ সম্ভাবনা রয়েছে। কিন্তু এই দুর্যোগ মোকাবেলায় দেশে পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম নেই। পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম না থাকায় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানলে অনেক মানুষের নিহত ও পঙ্গু হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আদালতকে বলেন, "নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু ভূমিকম্প দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম সংগ্রহ না করায় এ দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হয়েছে।"
ভূমিকম্প দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের একটি তালিকাও জমা দেন অ্যাডভোকেট মুরশিদ।
রিটের শুনানির সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক-আল-জলিল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/২১৪৫ঘ.
bdnews24