২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭২ ঘণ্টার মধ্যে লিয়াকতের খোঁজ দিতে বলেছে হাইকোর্ট

যুবলীগের বহিষ্কৃত নেতা ও 'শীর্ষ সন্ত্রাসী' লিয়াকত হোসেন কোথায় আছেন- তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে জানাতে সোমবার সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 08:37 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগের বহিষ্কৃত নেতা ও 'শীর্ষ সন্ত্রাসী' লিয়াকত হোসেন কোথায় আছেন- তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে জানাতে সোমবার সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে লিয়াকতের আটক থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাকে কেন আদালতে হাজির করা হবে না- তাও জানতে চেয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ লিয়াকতের স্ত্রী ফারহানা হোসেনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন। স্বরাষ্ট্র সচিব, র‌্যাবের ডিজি, ডিজিএফআইর ডিজি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকার ডিসি ও মুখ্য মহানগর হাকিমের ওপর এ নির্দেশ জারি করা হয়েছে। আদেশের পর লিয়াকতের আইনজীবী আব্দুল বাসিত মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লিয়াকত কোথায় আছে- জানতে চেয়েছেন হাইকোর্ট। তাকে কেন আদালতে হাজির করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।" শুনানিতে আব্দুল বাসিত মজুমদার বলেন, "গত ২৬ নভেম্বর ভোর ৬টায় র‌্যাব পরিচয় দিয়ে ৭/৮ জন সাদা পোশাকের লোক লিয়াকতকে তার ধানমণ্ডির বাসা থেকে তুলে নিয়ে যায়।" তিনি বলেন, "তাকে আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করা হয়নি। তার স্ত্রী বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও লিয়াকত কোথায় আছে তা জানতে পরেননি। লিয়াকতকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে।" শুনানিতে তিনি আরও বলেন, "লিয়াকতকে এর আগে ২০০৩ সালের ৫ মে সরকার আটকাদেশ দিয়েছিল। সে আটকাদেশ গত ১৯ আগস্ট হাইকোর্ট অবৈধ ঘোষণা করে। একইসঙ্গে তাকে মুক্তিরও নিদের্শ দিয়েছিল আদালত।" তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম লিয়াকত ২০০৩ সালের ১ অক্টোবর সর্বশেষ গ্রেপ্তার হন। শুনানিতে বাসিত মজুমদার বলেন, "হাইকোর্টের নির্দেশে গত ৪ সেপ্টেম্বর লিয়াকত কারামুক্ত হন। এর পর তিনি শান্তিতে বসবাস বরছিলেন। তাকে বেআইনভাবে আটক রাখা হয়েছে।" বাসিত মজুমদারাকে শুনানিতে সহায়তা করেন সাইদ আহমেদ রাজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/জিএনএ/১৪২৯ ঘ.