ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরকাতুল জিহাদের ১৪ জনকে আসামি করে রমনা বটমূলে বোমা হামলা মামলার অভিযোগপত্র রোববার জমা দিচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে জঙ্গি সুজনসহ ১০ জন নিহত হন। ছয়দফা তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর সপ্তম কর্মকর্তা আবু হেনা মো. ইউসুফ এ মামলার অভিযোগপত্র দাখিল করছেন।
সিআইডি'র পরিদর্শক আবু হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুরের আগেই অভিযোগপত্রটি আদালতে জমা দেওয়ার আশা করছেন তারা।
সিআইডি কর্মকর্তারা জানান, দীর্ঘ তদন্তে অভিযুক্ত হিসেবে ২২ জনের পাওয়া গেলেও আট জনের পূর্ণাঙ্গ নাম ঠিকানা খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত অভিযোগপত্রে তরা বাদ পড়েছেন। তবে এ আট জনের কেউ পরে গ্রেপ্তার হলে নাম অন্তভুক্তির সুযোগ রয়েছে।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হচ্ছেন- হুজি নেতা মুফতি আবদুল হান্নান, জাহাঙ্গীর বদর (দোহার), মাওলানা তাজউদ্দিন (ঢাকা), শেখ ফরিদ ওরফে রহমতউল্লাহ ওরফে শওকত ওসমান (খুলনা), মুফতি আবদুর রউফ, মুফতি শফিকুর রহমান (কিশোরগঞ্জ), হাফেজ মাওলানা আবু তাহের, আরিফ হাসান সুমন, ঢাকার মাদানী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আকবর হোসেন ওরফে হেলাল উদ্দিন, শাহাবত উল্লাহ ওরফে জুয়েল (নারায়ণগঞ্জ), আব্দুল হান্নান ওরফে মাওলানা সাব্বির, হাফেজ আবু বকর, হাফেজ মাওলানা ইয়াহিয়া (সিলেট) ও মুফতি আব্দুল হাই ওরফে আবু নাঈম (কুমিল্লা)।
ঠিকানা না পাওয়ায় বাদ পড়া আট জন হচ্ছেন- সুজন, মাওলানা নুরউদ্দিন ওরফে নুরউল্লাহ, আব্দুল জব্বার, ওমর ফারুক, জনি, জাকারিয়া, আব্দুল্লাহ ও আব্দুল হালিম।
এদের মধ্যে সুজন বোমা বিস্ফোরণের সময় ঘটনাস্থলে মারা গেছে বলে গ্রেপ্তারকৃত আসামি আরিফ হাসান সুমন জিজ্ঞাসবাদে জানান।
সিআইডি কর্মকর্তারা জানান, অভিযোগপত্রে নাম থাকা ১৪ জনের মধ্যে পাঁচ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এরা হলেন- মুফতি আবদুল হান্নান, আবদুল রউফ, আবু তাহের, আরিফ হাসান সুমন ও জুয়েল। এক আসামি মাওলানা আকবর হোসেন ২০০১ সালে গ্রেপ্তার হলেও পরের বছর জামিনে ছাড়া পেয়ে আত্মগোপন করেন।
মামলার তদন্তে পাওয়া গেছে, মাওলানা তাজউদ্দিন হামলার জন্য বোমা সরবরাহ করেন। তিনি ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে হামলার জন্য গ্রেনেডও সরবরাহ করেছিলেন বলে সিআইডি জানতে পেরেছে। তাজউদ্দীন সাবেক জোট সরকারের উপমন্ত্রী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার আবদুস সালাম পিন্টুর ছোট ভাই।
সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জঙ্গি আরিফ হাসান সুমনকে গ্রেপ্তারের পর রমনা বটমূল বোমা হামলা ঘটনার অনেক নতুন তথ্য বেরিয়ে আসে। তার তত্ত্বাবধানে রমনা বটমূলে বোমা হামলা মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ ইউসুফ অভিযোগপত্র দাখিল করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসএনডি/২১২৬ ঘ.
bdnews24