২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মহাজোটে ওয়ার্কার্স পার্টির প্রার্থী মেনন, বিমল, বাদশা'

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে তিনটি আসনে ওয়ার্কার্স পার্টির নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দলটির সভাপতি রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে তিনটি আসনে ওয়ার্কার্স পার্টির নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দলটির সভাপতি রাশেদ খান মেনন। এরা হলেন- রাশেদ খান মেনন, বিমল বিশ্বাস ও ফজলে হোসেন বাদশা। শনিবার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকের পর মেনন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "আমাদের তিনটি আসন কনফার্ম (নিশ্চিত) হয়েছে।" রাশেদ খান মেনন ঢাকা-৮ আসনে নির্বাচনের জন্য ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস নড়াইল-১ এবং দলটির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ আসন থেকে নির্বাচন করবেন। ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ জোট দলীয় জোটের একটি দল। ১৪ দলে বাইরেও আরও দল নিয়ে মহাজোট গড়ে নির্বাচনের দিকে এগুচ্ছে আওয়ামী লীগ। আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের আলোচনা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার সন্ধ্যায় তিনি দলের ধানমণ্ডির কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "১৪ দলের আসন বণ্টন চূড়ান্ত হয়েছে।" কোন দল কতটি আসন পেয়েছে- জানতে চাওয়া হলে তিনি বলেন, "এটা কাল জানানো হবে।" নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, ১৪ দলীয় জোট শরিকদের মধ্যে জাসদকে তিনটি, ওয়ার্কার্স পার্টিকে তিনটি, গণতন্ত্রী পার্টিকে একটি আসন ছেড়ে দেওয়া হচ্ছে। এদিকে মহাজোটের আসন ভাগাভাগি নিয়ে জাতীয় পার্টির সঙ্গে এখনও আওয়ামী লীগের মতৈক্য হয়নি। রোববার দল দুটির নেতারা আবার আলোচনায় বসবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১০৪ ঘ.