গোপালগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে শনিবার দুপুরে আগুন লেগে ২০ টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ১৪টি সম্পূর্ণভাবে এবং ছয়টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। তবে আহতদের নাম জানা যায়নি। তারা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফজলুল করিম জানান, দুপুর পৌণে ১২টার দিকে একটি লেপ-তোষকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর প্রায় ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, আগুনে ১৪টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ছয়টি দোকানের আংশিক পুড়েছে। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ তিন কোটি টাকা বলে তিনি জানান।
বাজারের ব্যবসায়ী এইচ এম মেহেদী হাসান জানান, ঘাঘর বাজার ডাকঘরের সামনে একটি লেপ- তোষকের দোকানে প্রথমে আগুন লাগে। দোকানের লোকজন আগুন নেভাতে লেপ, তোষক, বালিশ ও অন্যান্য জিনিস বাইরে ছুড়ে ফেলে। বাতাসের তীব্রতায় এসব জলন্ত জিনিস থেকে বাজারের অন্য দোকান-পাটে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি জানান, ছাপাখানা, ইলেকট্রনিক্স সাগ্রমী, শাড়ি, ওষুধ, স্টেশনারি, মুদিখানা, বেকারীসহ ১৪টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নেভাতে গিয়ে অন্ত ১৮ জন আহত হয়েছেন। তবে তাদের জখম গুরুতর নয়। তারা সবাই স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৩ ঘ.
bdnews24