২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে আমনের ফলনে কৃষকরা হতাশ

নড়াইলে আমন ধান কাটা শুরু হলেও এবারের ফলন নিয়ে হতাশ কৃষকরা। জেলার কৃষকরা দাবি করেছেন, সার ও ডিজেলের দাম বেশি হওয়ার কারণে তারা সময়মত জমিতে প্রয়োজনীয় সার ও সেচ দিতে পারেননি। আর সে কারণে বিগত বছরগুলোর তুলনায় আশানুরূপ ফলন হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

নড়াইল, নভেম্বও ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইলে আমন ধান কাটা শুরু হলেও এবারের ফলন নিয়ে হতাশ কৃষকরা। জেলার কৃষকরা দাবি করেছেন, সার ও ডিজেলের দাম বেশি হওয়ার কারণে তারা সময়মত জমিতে প্রয়োজনীয় সার ও সেচ দিতে পারেননি। আর সে কারণে বিগত বছরগুলোর তুলনায় আশানুরূপ ফলন হয়নি। ফলন কম হওয়ার বিষয়টি স্বীকার করে নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা জি এম রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে ধানের আবাদ হয়েছে। কৃষকরা জমিতে অধিক মাত্রায় ইউরিয়া সার ব্যবহার করলেও অন্যান্য সার কম দিয়েছে। তাই ধানের গাছগুলো বড় বড় হলেও ফলন হয়েছে কম।" কৃষকরা জানান, ফলন দেখে হতাশ হয়ে পড়েছেন তারা। সার ও ডিজেলের দাম এবং শ্রমিকের মজুরী বাড়ার কারণে এবার তাদের উৎপাদন খরচ বেশি হয়েছে। কিন্তু বাজারে ধানের দাম কম। নড়াইল পৌরসভার বরাশুলা এলাকার কৃষক মো. মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমন মৌসুমের শুরুতেই সার ও ডিজেলের দাম বাড়ানো হয়। ডিজেলের দাম প্রতি লিটারে বাড়ানো হয় ১৭/১৮ টাকা। সাড়ে ৬ টাকা দামের প্রতি কেজি ইউরিয়া ১৩ টাকায়, ৩২ টাকার টিএসপি ৭৭ টাকা, ৪২ টাকার ডিএপি ৮৫ টাকা এবং ৩১ টাকার এমপিও সার ৪৮ টাকায় কিনতে হয়েছে। গত বছর প্রতি মণ ধান আট থেকে নয়শ' টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে পাঁচ থেকে ছয়শ' টাকায়। এই এলাকার কৃষক মো. আব্দুর রউফ বলেন, "ধানের দাম ভাল হবে এই আশায় নিজের সবকিছু দিয়েই জমিতে ধান লাগিয়েছিলাম। সারের দাম মেলা (অনেক) বেশি হওয়ায় জমিতি ঠিকমতো সব রকমের সার দিতি পারিনি। বেশি বেশি ইউরিয়া সার দিছিলাম। গাছগুলো লম্বায় বড় বড় হলিও ধান হইছে কম।" সদর উপজেলার মাইজপাড়া গ্রামের কৃষক মো. রহমান বলেন, "সারের লাইগে আমাদের অন্য কাজ ফেলায় থুয়ে লাইনে দাঁড়ায়ে থাকতি হতো। সারের দাবিতে আমরা রাস্তা অবরোধও করিছিলাম। ধানের দাম কম হওয়ায় আমাদের মেলা টাহা লোকসান হয়ে গেছে।" নড়াইল পুরাতন বাস টার্মিনালের সার ব্যবসায়ী মো. আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কৃষকরা অন্য সারের তুলনায় ইউরিয়া সার বেশি কিনেছে। শহরের চাতাল ব্যবসায়ী মো. সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত মৌসুমের বেশ কিছু ধান এখনও তাদের গুদামে রয়ে গেছে। এ ছাড়া বাজারের জোর গুজব রযেছে- ভারত থেকে কম দামে চাল দেশের বাজারে আসছে। তাই চাতাল মালিকরা একটু দেখে শুনে ধান কিনছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫০ ঘ.