ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকায় ছয় তলা একটি ভবন শুক্রবার হেলে পড়েছে।
লালবাগ থানার চক মোগলটুলী এলাকায় ওই ভবন হেলে পড়ার পর এর আশপাশের বাড়িগুলোতে আতঙ্ক দেখা দিয়েছে। হেলে যাওয়া ভবনটি বীরেণ ঘোষ স্ট্রিটের ৬৬ নম্বর বাড়ি।
চকবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক বিডিনিউজ টােয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার মধ্যরাতে বাড়ির বাসিন্দারা একটি বিকট শব্দ শুনতে পান। একই ধরনের শব্দ সকালেও হয়। পরে বাড়ির বাসিন্দারা দেখেন, ভবনটি পূর্ব দিকে হেলে গেছে।"
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। দেড় কাঠা জমির ওপর নির্মিত ওই ভবনটির ৬/৭ ইঞ্চি দেবে গেছে বলে পুলিশ কর্মকর্তা ফারুক জানান।
ভবন হেলে যাওয়ার পরপরই বাড়ির মালিকসহ ভাড়াটিয়ারা ওই বাড়ি ছেড়ে গেছে।
স্থানীয়রা পুলিশকে অভিযোগ করেছে, অপরিকল্পিতভাবে নির্মাণের কারণেই বাড়িটি হেলে গেছে। এ ঘটনায় আশেপাশের বাড়ির বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/এমআই/১৫৩৪ ঘ.
bdnews24