ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট বছর ধরে মামলা চলার পর মানহানির অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছেন দৈনিক যুগান্তরের সাবেক সম্পাদক গোলাম সাওয়ার ও আরো দুই সাংবাদিক।
ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের তিন নম্বর হাকিম নাজিয়া নাহিদ বৃহস্পতিবার দুপুরে তিনজনকে খালাসের আদেশ দেন।
দায়মুক্ত অন্য দু'জন হচ্ছেন যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাসান আরেফিন ও কেরানীগঞ্জ সংবাদদাতা দেলোয়ার হোসেন।
২০০০ সালের ১৯ জুন ঢাকার প্রথম শ্রেণীর হাকিম আদালতে তাদের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেন কেরানীগঞ্জের জিনজিরা এলাকার কামরুল হাসান বাদশা।
ওই বছরের ১৫ জুন যুগান্তর পত্রিকায় প্রকাশিত 'সন্ত্রাসী চাঁদাবাজদের আশ্রয়স্থল কেরানীগঞ্জ' শিরোনামের প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে বাদশা মামলাটি করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ফেনসিডিল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন কামরুল হাসান বাদশা। তার কাছে প্রচুর অবৈধ অস্ত্রও রয়েছে।
তিন সাংবাদিকের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল মামলার শুনানিতে বাদশার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলার অনুলিপি উপস্থাপন করে বলেন, সেগুলোর ভিত্তিতেই প্রতিবেদনটি লেখা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/২১৪৫ ঘ.
bdnews24