২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ২২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র চালু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় স্থাপিত বিদ্যুৎকেন্দ্রটি বৃহস্পতিবার চালু হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ২২ মেগাওয়াট বিদ্যুৎ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

টাঙ্গাইল, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় স্থাপিত বিদ্যুৎকেন্দ্রটি বৃহস্পতিবার চালু হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ২২ মেগাওয়াট বিদ্যুৎ। ১১৫ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করেছে ডরিন পাওয়ার সিস্টেম লিমিটেড নামের একটি বেসরকারি কোম্পানি। ডরিন পাওয়ার নরসিংদীতে ২২ মেগাওয়াট, ফেনীতে ২২ ও ১১ মেগাওয়াটের আরও তিনটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে। এ কেন্দ্রগুলো ডিসেম্বর ও জানুয়ারি নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু করবে উদ্যোক্তারা জানিয়েছে। বিকেল ৩টায় বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. ম. তামিম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "বিগত দিনে বিভিন্ন সমস্যার কারণে দেশে বড় ধরনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব হয়নি। দেশে বিদ্যুতের ঘাটতি পূরণ করতে বর্তমান সরকার বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে যে কোন বেসরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসতে পারবে।" তিনি জানান, সারা দেশে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২২টি কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে পাঁচটিতে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বাকি ১৭টি কেন্দ্রের কাজ আগামী তিনমাসের মধ্যে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ড. তামিম বলেন, "বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অভিন্ন নীতিমালায় এগিয়ে যেতে হবে। শুধু গ্যাসের উপর নির্ভর করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে না। কয়লাভিত্তিক বড় ধরনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে চাহিদা মেটাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্য দরকার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা।" অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিদ্যুৎ সচিব ড. ফজলুল করিম খান, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জিয়ান ঝু, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান শওকত আলী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল কাশেম, এনসিসি ব্যাংকের প্রতিনিধি নুরুল আমিন, ডরিন পাওয়ার সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাহজিব আলম সিদ্দিকী ও পরিচালক (অর্থ) জাবেদ হোসেন। উদ্যোক্তরা জানান, এ বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ৩৩ কেবি গ্রিডে সংযুক্ত হবে। যার সুফল টাঙ্গাইলের পিডিবি'র গ্রাহকরা ভোগ করবে। বর্তমানে জেলায় প্রায় ৬০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন ও বিপণনের ব্যবস্থা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৯ ঘ.