২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের ঘটনায় হাসিনার উদ্বেগ

মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে সুধা সদনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন বলে বৈঠক শেষে সাবেক রাষ্ট্রদূত ও মুহাম্মদ জমির সাংবাদিকদের জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 08:12 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে সুধা সদনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন বলে বৈঠক শেষে সাবেক রাষ্ট্রদূত ও মুহাম্মদ জমির সাংবাদিকদের জানান। তিনি আরো বলেন, "ইইউ'র পর্যবেক্ষক দলকে শেখ হাসিনা আরও আশ্বস্ত করেছেন যে আওয়ামী লীগ এধরনের সহিংস কোন ঘটনা অতীতে সমর্থন করেনি এবং ভবিষ্যতেও করবে না।" ইইউ'র চীফ অবজারভার আলেক্সজান্ডার গ্রাফ ল্যাম্বসডরফের নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে সাংবাদিকদের আলেক্সজান্ডার বলেন, "শেখ হাসিনার সঙ্গে ভালো বৈঠক হয়েছে। ইইউ কিভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে তা তাকে বর্ণনা করেছি।" আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, "নির্বাচনের ফলাফল ঘোষণা করার সময় বিভিন্ন রকম অনভিপ্রেত ঘটনা ঘটে। এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে এবং আমাদের (আওয়ামী লীগ) প্রতি যেন কোন রকম বৈষম্যমূলক আচরণ করা না হয় সেদিকে সজাগ থাকতে ইইউকে অনুরোধ করেছি।" এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, "নির্বাচন কমিশন একটি দলের সব দাবি মেনে নেবে- এটি ঠিক নয়। নির্বাচন পেছানোয় আমাদের (আওয়ামী লীগ) বিভিন্ন রকম অসুবিধা হয়েছে।" নির্বাচন পর্যবেক্ষণের জন্য বৈঠকে ইইউকে স্বাগত জানানো হয়েছে বলেও তিনি জানান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ও শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১৪০৪ ঘ.