ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদকে জামিন দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক ও বিচারপতি মো. আব্দুস সামাদের বেঞ্চ মওদুদের জামিন আবেদনের উপর চূড়ান্ত শুনানি গ্রহন করে এ রায় দেয়।
মওদুদের কৌঁসুলি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " মওদুদ আহমেদের বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলার মধ্যে পাঁচটিতে আগেই জামিন দিয়েছিল আদালত। সর্বশেষ এ মামলাটিতে জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোন বাধা নেই।"
মওদুদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিকুল হক এবং মাহবুবউদ্দিন খোকন। দুর্নীতি দমন কমিশন (দুদক)'র পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আনিসুল হক।
এদিকে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমানকে একটি চাঁদাবাজি মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো: আরায়েছউদ্দিন ও বিচারপতি আবু তারিকের বেঞ্চ আমানের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
তার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিকুল হক এবং মাহবুবউদ্দিন খোকন।
মাহবুবউদ্দিন বলেন, " সব মামলায় জামিন হওয়ায় আমানের কারামুক্তিতে বাধা নেই।"
এর আগে নিম্ন আদালত আমানউল্লাহ আমানকে একই মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়েছিল।
অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানের জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এম এ আজিজ খান। নাসের রহমানের পক্ষে শুনানিতে অংশ নেনে বারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
এ মামলায় নিম্ন আদালত সাবেক বিএনপি সাংসদ নাসেরকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিল। এরপর গত ১২ নভেম্বর হাইকোর্ট নাসের রহমানকে এ মামলায় তিন মাসের জামিন দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/জিএনএ/১৬১০ ঘ.
bdnews24