জামালপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় মঙ্গলবার রাতে এক ট্রাক সার আটক করেছে পুলিশ।
উপজেলার রাধানগর এলাকা থেকে ওই সার আটক করা হয় বলে জানিয়েছেন সরিষাবাড়ির তারাকান্দি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হযরত আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারভর্তি ট্রাকটি রাস্তার পাশে চালকবিহীন অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তা আটক করে।"
ট্রাকটিতে ১৫ টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) পাওয়া গেছে বলে পুলিশ জানায়। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
উপ-পরিদর্শক হযরত আলী বলেন, আটক সার অবৈধভাবে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24