২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : হোসেন জিল্লুর

শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, সরকার একটি অবাধ ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, সরকার একটি অবাধ ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে আত্মবিশ্বাস রাখার তাগিদ দিয়ে তিনি বলেন "আত্মবিশ্বাসই এগিয়ে যাওয়ার একমাত্র উপাদান। " মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিক সমিতি আয়োজিত "নির্বাচন ও গণতন্ত্র: গণমাধ্যমের ভূমিকা" শীর্ষক এক সেমিনারে উপদেষ্টা এ কথা বলেন। বার্ষিক সেমিনার ও সাবেক সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিক সমিতি এ সেমিনারের আয়োজন করে। উপদেষ্টা ড. জিল্লুর আরো বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা আছে। কিন্তু সরকার, নির্বাচন কমিশন, জনগণ এবং গণমাধ্যম কেউ কারও প্রতিপক্ষ নয়। সবাই এক যোগে কাজ করতে হবে। কারণ গণমাধ্যমের কারণেই মূলত এদেশে অনেক প্রতিষ্ঠান স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য মন্তব্য করে তিনি অভিমত দেন ,"এই বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা পদক প্রাপ্তির সময় এসেছে।" সাংবাদিক সমিতির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জগলুল আহমেদ চৌধুরী এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ। সেমিনারে 'নির্বাচন ও গণতন্ত্র: গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। জগলুল আহমেদ চৌধুরী বলেন, আইন করে গণমাধ্যমের কণ্ঠরোধ করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ট নির্বাচন সম্ভব নয়। একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনকল্যাণমুখী সরকার ক্ষমতায় আসা উচিত। অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নির্বাচন নিয়ে সবার মধ্যে অবিশ্বাস ও সংশয় কাজ করছে। কারোই যেন বিশ্বাসযোগ্যতা থাকছে না। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, ২৯ ডিসেম্বরে বহু প্রতীক্ষিত নির্বাচন হতে যাচ্ছে। দেশবাসী তাকিয়ে আছে। ওই নির্বাচনের মধ্য দিয়ে সৎ ও যোগ্য ব্যক্তি নির্বাচিত হবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ বলেন, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনের জন্য সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে। আলোচনার উম্মুক্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক আহমেদ কামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেন। সাংবাদিক সমিতির সাবেক সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠানে সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্যদের সংবর্ধনা দেওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১৪১ঘ.