২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া পাচার রোধে ঢাকায় চারটি চেকপোস্ট, সীমান্তে টহলদল

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধ ও পশুর চামড়া পাচার রোধে ঢাকার চারটি প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 01:55 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধ ও পশুর চামড়া পাচার রোধে ঢাকার চারটি প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে। এছাড়া চামড়া পাচার রোধে সীমান্তবর্তী জেলাগুলোয় বিশেষ টহল দল মোতায়েন করা হবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, ঢাকা থেকে চামড়া পাচার রোধে সাভার, আশুলিয়া, টঙ্গী ও কাঁচপুর সেতুর কাছে চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি কোরবানীর পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধে র‌্যাব ও হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দেশের সীমান্তবর্তী জেলাগুলোয় সীমান্ত এলাকার এক কিলোমিটার জুড়ে বিশেষ টহল দল মোতায়েন করা হবে বলে তিনি জানান। তিনি আরো জানান, কোরবানীর পশু পরিবহনের যানবাহনগুলো যাতে কোন যানজটে না পড়ে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়। একইসঙ্গে ফেরিতে পশুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়। ঈদকে সামনে রেখে চুরি,ডাকাতি ও ছিনতাই এবং জাল টাকার বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয় সভায় । স্বরাষ্ট্র সচিব আবদুল করিমের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ আবদুর রশীদ, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি এবং ট্যানারি শিল্প মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/১৯৫১