ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু, শুভ্রদেবসহ বিভিন্ন সুরকার ও গীতিকারের গান তাদের অনুমতি ছাড়া বিভিন্ন মোবাইল কোম্পানিতে রিং টোন, ওয়েলকাম টোনসহ ইত্যাদি কাজে ব্যবহারের অভিযোগে কপিরাইট আইনে মামলা হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেছেন সফট্ওয়্যার সলিউশন অ্যান্ড লজিস্টিকস এন্টারপ্রাইজের অংশীদার মাহ্মুদুর রহমান।
মহানগর হাকিম ড. আব্দুল মজিদ মঙ্গলবার মামলার সাক্ষী কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু, গীতিকার মো. রফিকুজ্জামান, সুরকার আলম খান, শেখ সাদী খান, কবির বকুল, কণ্ঠশিল্পী শুভ্রদেবের বক্তব্য গ্রহণ করে বুধবার আদেশের দিন ধার্য করেছেন।
ফোনে রিংটোন ব্যবহার করা হলেও মামলায় কোন মোবাইল ফোন কোম্পানিকে আসামী না করা হয়নি। আসামী করা হয়েছে গান সরবরাহকারী ই. বি. সলিউশন্স লিমিটেড ও এর পাঁচ কর্মকর্তাকে। এরা হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুর রহমান খান ইউছুফ জাঈ, পরিচালক মো.ফয়সাল আহমেদ, পরিচালক এনামুল হক, পরিচালক মো. খালেদ হোসেন ও পরিচালক মো. রফিকুল আলম কবিরাজ।
বাদির আইজীবী কামরুজ্জামান মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলাটি আমলে নেওয়া হবে কি হবে না এব্যাপারে বুধবার আদেশ দেওয়া হবে।
বাদি এবং সাক্ষীরা আদালতে বলেন, বাদি ও সাক্ষীদের সঙ্গে আসামী প্রতিষ্ঠান ই.বি সলিউশনস, বাড়ি নং-২৮, সড়ক নম্বর-৫, ধানমন্ডি'র কোন প্রকার চুক্তি না থাকা সত্ত্বেও তারা (আসামীরা) বিভিন্ন মোবাইল ফোন কোম্পানিকে রিং টোন, ওয়েলকাম হিসেবে ব্যবহারের জন্য গান সরবরাহ করছেন।
মামলার আরজিতে বাদি বলেন, "আমি বাংলাদেশের সাংবাদিকতা জগতের পথিকৃৎ, বহুল প্রচারিত ও প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের সুযোগ্য সন্তান। আমার পরিচালিত প্রতিষ্ঠান সলিউশন্স অ্যান্ড লজিস্টিকস এন্টারপ্রাইজ গত ২০০৬ সাল থেকে ব্যবসা শুরু করে বাংলাদেশের বিভিন্ন মোবাইল ফোন কোম্পানীকে মূল্য সংযোজন সেবা প্রদান করে আসছে। এর মধ্যে রিংটোন, ওয়েলকাম টোন, এসএমএস নিউজ সার্ভিস, এসএমএস ভোট সার্ভিস উল্লেখযোগ্য।"
আরজিতে আরো বলা হয়, " আসামীরা বাদি এবং সাক্ষীদের অনুমতি ছাড়াই সাক্ষীদের জনপ্রিয় গানগুলো বিভিন্ন মোবাইল ফোন কোম্পানীর রিং টোন, ওয়েল কাম টোন হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে বিভিন্ন পত্রিকা, দৈনিকের ম্যাগাজিনে বিজ্ঞাপনে ব্যবহার করে আসছেন। দৈনিক প্রথম আলোর ম্যাগাজিন 'রস আলো', 'ছুটির দিনে' যুগান্তরের ম্যাগাজিন 'বিচ্ছু' সহ ইত্যাদিতে গানের তালিকাসহ বিজ্ঞাপন প্রকাশ করা হচ্ছে।"
বাদির দাবি, এ সব গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের শুধুমাত্র বাদির সঙ্গেই কপিরাইট চুক্তি রয়েছে। বাদির প্রতিষ্ঠানই একমাত্র বিভিন্ন মোবাইল কোম্পানী সহ বিভিন্ন গণমাধ্যমকে এসব জিনিস সরবরাহের এখতিয়ার রাখে।
মামলার বাদি আরজিতে আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সহ রিং টোন, ওয়েলকাম টোন পাঠানোর যন্ত্রপাতিসহ যাবতীয় মালামাল জব্দ করার প্রার্থনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএনএ/১৭৩৯ ঘ.
bdnews24