২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বাংলাদেশীকে হত্যার ঘটনায় বিএসএফের বিরুদ্ধে মামলা

তেঁতুলিয়া সীমান্তে তিন বাংলাদেশীকে হত্যার ঘটনায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের বিরুদ্ধে মঙ্গলবার পঞ্চগড়ের আদালতে একটি মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন ওই ঘটনায় নিহত গোলাম মোস্তফার ভাই আব্দুস সালাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 09:10 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

পঞ্চগড়, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেঁতুলিয়া সীমান্তে তিন বাংলাদেশীকে হত্যার ঘটনায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের বিরুদ্ধে মঙ্গলবার পঞ্চগড়ের আদালতে একটি মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন ওই ঘটনায় নিহত গোলাম মোস্তফার ভাই আব্দুস সালাম। তাকে আইনি সহায়তা দিচ্ছে বেসরকারি সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন। দুপুরে পঞ্চগড় ৪ নম্বর আমলি আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়। এতে বিএসএফ সদস্য আরপি সিং, বিএসএফের কোম্পানি কমান্ডার এসকে সিং এবং বিএসএফের ১০ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট দিবাকর কুমারকে আসামি করা হয়েছে। মামলার আরজিতে আরপি সিংকে মূল আসামি করে অপর দুই জনকে হত্যাকাণ্ডে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালত মামলাটির আইনগত ভিত্তি জানতে চাইলে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী অনুপ চেটিয়া, কুড়িগ্রামের বড়াইবাড়িতে বিএসএফের বিরুদ্ধে মামলা দায়েরের নথিপত্র উপস্থাপন করেন মানবাধিকার কমিশনের পঞ্চগড় সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মির্জা সারওয়ার হোসেন। এরপর বিচারক আব্দুল মালেক বাদির জবানবন্দি নিয়ে তদন্ত করে মামলা নথিভুক্ত করার জন্য তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মানবাধিকার কমিশন। সম্মেলনে সংগঠনের জেলা শাখার সম্পাদক এ রহমান মুকুল বলেন, "বিএসএফ সদস্যরা নিরীহ বাংলাদেশীদের নৃশংসভাবে হত্যা করেছে। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন।" তিনি দোষী বিএসএফ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং ওই ঘটনায় আহত শহীদুল ইসলামের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার দাবি জানান। গত ১৬ নভেম্বর রাতে বিএসএফের নয়াবাড়ি ফাঁড়ির সদস্যরা বাংলাদেশ সীমান্তের ভেতরে ঢুকে ময়নাকুড়ি গ্রামে তিন জনকে হত্যা করে। নিহতরা হলেন- মাজেদা বেগম, তার ছেলে মামুন এবং প্রতিবেশী গোলাম মোস্তফা। বিএসএফের গুলিতে আহত হয় মাজেদার স্বামী শহীদুল ইসলাম। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার দিন গ্রামবাসী বিএসএফ সদস্য আরপি সিংকে আটক করে পুলিশে দেয়। পরদিন বিডিআর-বিএসএফ বৈঠকের পর তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়। বিএসএফ ওই ঘটনার জন্য ক্ষমাও চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১০ ঘ.