২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষ-বোমাবাজিতে আহত ২৫, উদ্ধার ৪৭টি বোমা

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নে রোববার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 01:34 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নে রোববার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বাড়িঘরে হামলা ভাঙচুর এবং বোমবাজির ঘটনা ঘটেছে। দুপক্ষই শতাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কমপক্ষে ৪৭টি তাজা হাতবোমা উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আমজাদ হোসেনের ছেলে নাসির উদ্দিন (২৮) ও এনামুল হকের ছেলে লালু (২৫)। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএসএম মাহফুজুল হক মোহাম্মদ নুরুজ্জামান সংঘর্ষ ও বোমাবজির খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন র‌্যাব সদস্য এবং স্থানীয় মাদ্রাসার একজন শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীমান্তবর্তী নারায়ণপুর ইউনিয়নের রুস্তুম মণ্ডলের পাড়া ও সরদার পাড়া গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। রোববার সন্ধ্যায় রুস্তুম মণ্ডলের পাড়ার হুমায়ুন নামের একজনকে মারধর করে সরদার পাড়ার কয়েকজন। এর জের ধরে হুমায়ুনের লোকজন হামলা চালায় সরদার পাড়ার লোকজনের ওপর। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুপক্ষই বোমা, ধারালো অস্ত্র ও বাঁশের লাঠি ব্যবহার করে। রাত ৯টা পর্যন্ত হামলা পাল্টা হামলা চলে। সারারাত উভয়পক্ষ থেমে থেমে ৭০/৮০টি বোমার বিস্ফোরণ ঘটায়। সোমবার ভোর থেকেই আবারও শুরু হয় হামলা পাল্টা হামলা। দুপুর পর্যন্ত সংঘর্ষে দুপক্ষ প্রায় দেড় শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায় বলে তারা জানান। র‌্যাবের ওই সদস্য জানান, দুপুর ১২টার দিকে রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। র‌্যাব ও পুলিশ নারায়নপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭টি তাজা হাতবোমা উদ্ধার করে। গ্রেপ্তার করে দুজনকে। স্থানীয়রা জানান, ইউনিয়নের সাতরশিয়া, রুস্তুম মণ্ডলের পাড়া, পাতান মেম্বার পাড়া, সরদার পাড়া ও বাগ পাড়া গ্রাম এবঙ পাকা নারায়ণপুর স্কুল ও নারায়ণপুর আদর্শ কলেজ সংলগ্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় দুপক্ষের প্রায় ১০টি বাড়ি ভাঙচুর হয়। আহত হয় কমপক্ষে ২৫জন। পুলিশের ধরাপাকড়ের ভয়ে আহতরা হাসপাতালে না এসে গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে। গ্রেপ্তার এড়াতে লোকজন আত্মগোপন করেছে। কেউ কেউ নিরাপদ স্থানে সরে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৪ ঘ.