ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী সিনেটর জন ম্যাককেইন ডিসেম্বরের প্রথমদিকে বাংলাদেশে আসছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।
বৃহত্তর আঞ্চলিক সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসবেন
বলে রোববার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিনেটর জোসেফ লিবারম্যান ও সিনেটর লিন্ডসে গ্রাহামও ম্যাককেইনের সফরসঙ্গী হিসেবে থাকবেন। তারা সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
ভিয়েতনাম যুদ্ধের সৈনিক জন ম্যাককেইন ১৯৮৬ সালে অ্যারিজোনা রাজ্যের প্রতিনিধি হিসেবে সিনেটর নির্বাচিত হন।
বাংলাদেশের সঙ্গে সিনেটর ম্যাককেইনের আগে থেকেই একটি যোগসূত্র আছে, যেটি হচ্ছে ঢাকায় মাদার তেরেসার আশ্রম থেকে একটি অনাথ কন্যা শিশুকে তার স্ত্রী সিন্ডি ১৯৯১ সালে দত্তক নিয়েছিলেন। এখন ১৭ বছর বয়সী সে মেয়েটির নাম ব্রিজিট।
সিনেটর জোসেফ লিবারম্যান ১৯৮৮ সাল থেকে সিনেটে কানেটিকাট অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করছেন। তিনি ২০০০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পেয়েছিলেন।
সিনেটর লিন্ডসে গ্রাহাম ২০০২ সাল থেকে সিনেটে সাউথ ক্যারোলাইনার প্রতিনিধিত্ব করছেন।
এ তিনজনই সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/২১৪০ঘ.
bdnews24