ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক নারী পুলিশ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন শুক্রবার রাজধানীর একটি হোটেলে 'বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক' এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, পুলিশ বাহিনীর সংস্কারের ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে পুলিশ বিভাগের পিছিয়ে থাকা নারীদের প্রশিক্ষণ ও সুযোগ দিয়ে সামনে এগিয়ে যাওয়ার ব্যাবস্থা করা হবে।
প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এই নেটওয়ার্কে যুক্ত হলো। পারিবারিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, বাল্যা বিবাহ, যৌতুক- এসব রোধে পুলিশের নারী নেটওয়ার্ক অবদান রাখতে পারবে।"
তিনি বলেন, "বাংলাদেশের পুলিশের মোট সদস্যের মাত্র ১ দশমিক ২ ভাগ নারী। এই হার আরও বাড়বে বলে এখন আমরা আশা করতে পারি।"
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনেও বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা কাজ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, "পূর্ব তিমুর, সুদান, কঙ্গো, আইভরিকোস্ট, লাইবেরিয়া, কসভোতে বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা দক্ষতার সঙ্গে কাজ করছে। পুরুষ সদস্যদের বিরুদ্ধে কখনও কখনও বিভিন্ন অভিযোগ পাওয়া গেলেও নারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।"
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী অনুষ্ঠানে বলেন, "বাংলাদেশে নারীরা দিনে দিনে এগিয়ে যাচ্ছে। এখন পুলিশের মতো নন ট্র্যাডিশনাল পেশাতেও নারীরা আসছে।"
পুলিশের নারী সদস্যদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা এখন পথ প্রদর্শক।"
স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম বলেন, "সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারীর ক্ষমতায়নের কোনও বিকল্প নেই। আর পুলিশে নারীর ক্ষমতায়নও সেই ধারাবাহিকতারই অংশ।"
নারী ও শিশু পাচার রোধে বিমানবন্দরে কর্মরত অভিবাসন পুলিশের নারী সদস্যদের ভূমিকারও প্রশংসা করেন রাশেদা।
পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, "নারীদের পর্দার আড়াল থেকে সামনে নিয়ে আসার জন্যই এ উদ্যোগ। এই নেটওয়ার্ক নারী পুলিশদের পেশাগত উন্নয়নে সাহায্য করবে।"
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়েন বলেন, "আফ্রিকার দেশগুলো থেকে নারী পাচার এবং নারীদের যৌন পেশায় বাধ্য করার মতো অপরাধ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জাতিসংঘের নারী শান্তিরক্ষীরা। তাই জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে এসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে নারী শান্তিরক্ষী, বিশেষ করে পুলিশ নারী পাঠানোর ওপর জোর দিয়েছিলেন।"
মহাপরিদর্শক জানান, নারী সদস্যরা এতোদিন পর্যন্ত পুলিশ কার্যালয়ের নির্দিষ্ট কিছু দায়িত্বই পালন করেছেন। সাধারণত থানার গণ্ডির বাইরে অপরাধ তদন্তে'র মতো দায়িত্বে তারা মাঠে আসেননি। এই নেটওয়ার্ক নারী পুলিশদের সব ধরনরে কাজে প্রশিক্ষিত করে তুলতে সহায়ক হবে।
নূর মোহাম্মদ জানান, প্রথম পর্যায়ে ২৩ জন নারীকে নিয়ে এ কার্যক্রম শুরু হলেও আগামী এক বছরের মধ্যে ২ হাজার নারী পুলিশ সদস্য এ নেটওয়ার্কে যুক্ত হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২২২০ ঘ.
bdnews24