নাটোর, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জের ধরে নাটোরের সিংড়া উপজেলার পমবাড়িয়া গ্রামে শুক্রবার দুই পরিবারের সদস্যদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
নিহত ব্যক্তি হলেন- পমবাড়িয়া গ্রামের আবুল মৃধার ছেলে মোজাম্মেল হক মৃধা (৩৫)।
আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমি জানান, সকালে পমবাড়িয়া গ্রামের মৃধা বাড়িতে জমি নিয়ে আবুল মৃধা ও তাঁর চাচাত ভাই আহসান মৃধার পরিবারের সদস্যদের মধ্যে মারপিট শুরু হয়।
প্রতিপক্ষের লোহার রডের আঘাতে আবুল মৃধার ছেলে মোজাম্মেল ঘটনাস্থলে মারা যান। এ সময় স্বপন, মুস্তাক, খোকন, সবুজ, এরশাদ ও আশরাফসহ ১০ জন আহত হন।
গুরুতর আহত স্বপন, মুস্তাক ও খোকনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, উভয় পক্ষই থানায় মামলা করেছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.
bdnews24