২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও কয়েকটি জেলায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আরও কয়েকটি জেলায় আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের সংসদ নির্বাচনের প্রার্থীরা শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরও কয়েকটি জেলায় আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের সংসদ নির্বাচনের প্রার্থীরা শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশের অধিকাংশ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এছাড়া বিভিন্ন জেলায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে পটুয়াখালীতে আটজন এবং শরীয়তপুরে পাঁচজন উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পটুয়াখালীতে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছে ভাইস চেয়ারম্যান পদে। আমাদের প্রতিনিধির পাঠানো খবর- নীলফামারী: নীলফামারী-২ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী শুক্রবার সকালে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রাশিদুল হাসানের কাছে তিনি মনোনায়নপত্র জমা দেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম মনোনয়ন পত্র জমা পড়ার খবর নিশ্চিত করেছেন। মুন্সীগঞ্জ: মুন্সিগঞ্জে শুক্রবার দু'টি আসনে দু'টি মনোনয়ন পত্র জমা পড়েছে। একজন হলেন আওয়ামী লীগের এবং অপরজন হলেন স্বতন্ত্র প্রার্থী। এরা হলেন- মুন্সীগঞ্জ-৩ (সদর, গজারিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক প্রতিরক্ষা সচিব এম ইদ্রিস আলী এবং মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী, লৌহগঞ্জ) আসনে কামালউদ্দিন মিয়া নামের একজন স্বতন্ত্র প্রার্থী। মনোনয়ন পত্র জামা দেওয়ার পর এম ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি নির্বাচিত হলে দেশ তথা এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজ (শুক্রবার) দু'টি মনোনয়ন পত্র জমা পড়েছে। পটুয়াখালী: জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম জানান, সংসদ সদস্য পদে পটুয়াখালী-১ (সদর, মীর্জাগঞ্জ, দুমকী) আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়া, পটুয়াখালী-৩ (দশমিনা, গলাচিপা) আসনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মাওলা রনি এবং পটুয়াখালী-৪ (কলাপাড়া, গলাচিপা আংশিক) আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহবুবুর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি জানান, এদিকে উপজেলা চেয়ারম্যান পদে পাঁচটি উপজেলায় আটজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন- পটুয়াখালী সদরে আবদুল মোতালেব মোল্লা, বাউফলে মনিরুজ্জামান পলাশ, দশমিনায় মো. আবদুল খালেক, কলাপাড়ায় মো. আবদুল মোতালেব ও এসএম রাকিবুল আহসান, দুমকিতে অ্যাডভোকেট হারুন অর রশিদ, আবুল হোসেন আবু মিয়া ও মো. রুহুল আমিনম। এছাড়া দুমকী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সুলতান মাহমুদ। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সদর উপজেলায় নাসরিন মোজাম্মেল এমা এবং কলাপাড়ায় লাইজু হেলেন লাকী। শরীয়তপুর প্রতিনিধি, শুক্রবার সকালে শরীয়তপুর-৩ (গোসাইরহাট, ডামুড্যা, ভেদরগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলী সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক। শরীয়তপুর-১ (পালং, জাজিরা) আসনে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক বি. এম. মোজাম্মেল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের পাঁচজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন- আবুল ফজল মাস্টার, রফিকুল ইসলাম কোতোয়াল, আবুল হাসেম তপেদার, মেজবাহউর রহমান উজ্জ্বল ও অ্যাডভোকেট আলমগীর হোসেন মুন্সি। জেলা নির্বাচন কর্মকর্তা আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মনোনয়নপত্র জমা দেওয়ার খবর নিশ্চিত করেছেন। সুনামগঞ্জ: সুনামগঞ্জে সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের দু'জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন- সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর ) আসনে সাবকে যুগ্ম সচিব এম এ মান্নান এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে মুহিবুর রহমান মানিক। শুক্রবার জেলা প্রশাসকরে কাছে এ দুই প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। জেলা নির্বাচন কর্মকর্তা উত্তম পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তিপুর্ণ পরিবেশে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নেত্রকোনা: নেত্রকোনায় দু'টি আসনে আওয়ামী লীগের দু'জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন- নেত্রকোনা-১ (দুর্গাপুর, কলমাকান্দা) সাবেক সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদার এবং নেত্রকোনা-৩ (কেন্দুয়া, আটপাড়া) আসনের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক মঞ্জুর কাদের কোরাইশী। জেলা নির্বাচন কর্মকর্তা সালামত উল্লাহ মিয়া এ দুই আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার খবর নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৬ ঘ.