ফেনী, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনী কাস্টমস অফিসে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন দুই কর্মকর্তা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দুর্নীতি দমন কমিশনের একটি দল শহরের এস এমকে রোডে কাস্টমস অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- কাস্টমস সুপার গোলাম রহমান ও ইন্সপেক্টর জিএম শাহজাহান।
দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম অফিসের কর্মকর্তা মেজর জুলফিকার আলী মজুমদার জানান, বুধবার চট্টগ্রামের মো. সেলিম নামে এক ব্যবসায়ী দুদক কার্যালয়ে এসে অভিযোগ করেন- ফেনী কাস্টমস অফিসের দুই কর্মকর্তা তার একটি কাজ করে দেওয়ার জন্য ৬০ হাজার টাকা ঘুষ চেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘুষ লেনদেন হওয়ার কথা রয়েছে। ব্যবসায়ীর দেওয়া তথ্য অনুযায়ী সাদা পোশাকে কাস্টমস অফিসে অবস্থান নিয়ে ঘুষের টাকাসহ দুই কর্মকর্তাকে আটক করা হয়।
এ সময় তাদের দেহ তল্লাশি করে আরও এক লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই কর্মকর্তা ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন।
থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/২২১৭ ঘ.
bdnews24