ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনে শুক্রবার পালিত হবে সশস্ত্র বাহিনী দিবস।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইয়াজউদ্দিন আহম্মেদ শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করবেন।
সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানও নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করবেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি বীর শ্রেষ্ঠদের উত্তরাধিকারী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সন্মানে এক সম্বর্ধনার আয়োজন করবে। এছাড়া তিন বাহিনী প্রধানও নিজ নিজ বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সম্বর্ধনা দেবেন।
সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে রাষ্ট্রপতি এক সম্বর্ধনার আয়োজন করবেন বলে আইএসপিআর জানিয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান ও সাবেক উপদেষ্টা, সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, বিচারপতি, শিক্ষাবিদ, বিদেশি কুটনীতিক ও দাতা সংস্থার প্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানিয়েছে আইএসপিআর।
তবে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের আমন্ত্রণ জানানোর অভিযোগ তুলে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্বদানকারীদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম। একই সঙ্গে অন্য আমন্ত্রিতদেরও ওই অনুষ্ঠান বর্জনের আহ্বান জানিয়েছে ফোরাম।
স্বাধীনতা যুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সেদিন এ বাহিনী ইতিমধ্যে গঠিত মুক্তিবাহিনীসহ অন্যান্য বাহিনী ও জনগণের সঙ্গে একাত্ম হয়ে পাকিস্তানী দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে।
২১ নভেম্বরকে প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং দুই শীর্ষ রাজনৈতিক দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা বাণী দিয়েছেন।
বাণীতে নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও জাতিগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের সফল দায়িত্বপালন ও ছবিসহ ভোটার তালিকা প্রণয়নে তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকার বাইরে দেশের অন্যান্য গ্যারিসন, নৌ জাহাজ, স্থাপনা ও বিমানবাহিনী ঘাঁটিতে কর্মসূচী নেওয়া হয়েছে।
প্রথামত সদরঘাট, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও মংলায় বিশেষভাবে সজ্জিত নৌবাহিনী জাহাজ শুক্রবার বেলা দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২১২৭ঘ.
bdnews24