২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাত্রা ছাড়িয়ে অভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে এনডিআই: ইসি

নির্বাচন পর্যবেক্ষণ ছাড়া অন্য কোনও বিষয়ে বক্তব্য না দিতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এনডিআইকে পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "দীর্ঘ মেয়াদে নির্বাচন পর্যবেক্ষণে এসেছে দলটি (এনডিআই)। এখন তারা মাত্রা ছাড়িয়ে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন পর্যবেক্ষণ ছাড়া অন্য কোনও বিষয়ে বক্তব্য না দিতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এনডিআইকে পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "দীর্ঘ মেয়াদে নির্বাচন পর্যবেক্ষণে এসেছে দলটি (এনডিআই)। এখন তারা মাত্রা ছাড়িয়ে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলছে। এ ধরনের বক্তব্য থেকে তাদের বিরত থাকা উচিত। সৌজন্য রক্ষা করে কথা বলা উচিত তাদের।" এনডিআই'র বুধবার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় সাখাওয়াত হোসেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) সফররত প্রতিনিধিরা বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের জন্য কিছু সুপারিশ তুলে ধরেন। এসবের মধ্যে রয়েছে নির্বাচনের সময় ভীতি সৃষ্টি না হয় এমনভাবে সেনা মোতায়েন, সবার অংশগ্রহণ নিশ্চিত করা, প্রার্থীদের নির্বাচনী ব্যয় সম্পর্কে তথ্য ভালোভাবে যাচাই করা, মোবাইল বন্ধ রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা, সংস্কার কার্যক্রম চালু রাখা ইত্যাদি। সাখাওয়াত হোসেন বলেন, "নির্বাচনে পুলিশ ও সেনা মোতায়েন নিয়ে সংস্থাটি (এনডিআই) যে মন্তব্য করেছে, তা মোটেই গ্রহণযোগ্য নয়। স্বাধীন দেশের নির্বাচনী কার্যক্রম কী হবে- সে বিষয়ে দেশের জনগণ, সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।" তিনি বলেন, "স্বাধীন দেশের নিজস্ব নিরাপত্তার বিষয়ে কথা বলার অধিকার তাদের (এনডিআই) নেই। কূটনীতিকরা মাঝেমধ্যে এ ধরনের কথা বলেন। সেটাও ঠিক নয়।" ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়ে এনডিআইয়ের সুপারিশের সমালোচনা করে সাখাওয়াত বলেন, "ভোটকেন্দ্রে পুলিশ, বিডিআর না সেনা সদস্যরা থাকবে সেটা রাজনৈতিক দল ও দেশের জনগণ ঠিক করবে। এ ধরনের মন্তব্য কোনও মতেই সমর্থন করা যায় না।" তবে প্রতিষ্ঠানটির নির্বাচন পর্যবেক্ষণে কোনও বাধা নেই বলে জানান সাখাওয়াত। এনডিআই প্রতিনিধি দলটি গত ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করে জানায়, নির্বাচনী পরিবেশ এখন অনেক ভালো। প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেও দেখা করে। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এসকে/১৮৫৩ঘ.